মৌলভীবাজার, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের জুড়ীতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
শানিবার রাত ১১টা দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী পূর্ববটুলী ভৈরববাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে এ ঘটনায় নিহতের নাম মোক্তার আলী (৪০)। তিনি পূর্ব বটুলী গ্রামের বাসিন্দা।
জুড়ী থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন জানান, ভারতের সীমান্তবর্তী ১৮২৭ নং পিলারের কাছে বিএসএফ মোক্তার আলীকে তাড়া করে। পরে এলাকাবাসী চোর সন্দেহে তাকে গনপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মুক্তার।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মুক্তার আলীর লাশ উদ্ধার করে।
ফুলতলা ইউনিয়নের সদস্য লাল মিয়া বলেন, মোক্তার আলীর বিরুদ্ধে কোনো চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ নেই। গণপিটুনি দিয়ে মানুষকে হত্যা করার ঘটনা সত্যি দুঃখজনক।
তবে ইউপি চেয়ারম্যান ফয়াজ আলী জানান, এলাকাবাসীর চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করেছে। তার অপর তিন সহযোগী পালিয়ে গিয়েছে।
উপপরিদর্শক দেলোয়ার হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
“এ ব্যাপারে মুক্তার আলীর স্ত্রী মনোয়ারা বেগম বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েক জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এসইউ/১৫৩৪ ঘ.
bdnews24