আগরতলা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিপুরা সীমান্তে ফেনী নদীর ওপর সেতু নির্মাণের জরিপের কাজ শুরু হচ্ছে আগামী সপ্তাহে। ভারত ও বাংলাদেশ যৌথভাবে এটি তৈরি করবে।
চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে পণ্য ও ভারী যন্ত্রপাতি পরিবহনের জন্য এ সেতু নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন ত্রিপুরা সরকারের একজন মন্ত্রী।
শনিবার ত্রিপুরার বাণিজ্য ও শিল্পমন্ত্রী জীতেন্দ্র চৌধুরী বলেন, “মূল কাজ শুরুর আগে আগামী ১০ মে ভারত ও বাংলাদেশের প্রকৌশলীদের একটি যৌথ দল মাঠ পর্যায়ের কৌশলগত জরিপকাজ শুরু করবে।”
“প্রকল্পের অর্থায়নের বিষয়ে আলোচনা হবে। তারা (বাংলাদেশ) এতে অস্বীকৃতি জানালে ত্রিপুরা সরকার পুরো খরচ বহন করবে”, যোগ করেন তিনি।
তিনি জানান, ২০০ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণে প্রায় ৪০ কোটি রুপি খরচ হবে। এটা শুধু উত্তর-পূর্ব ভারত নয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্যও বাণিজ্যিক সংযোগ হিসেবে কাজ করবে।
প্রস্তাবিত এ সেতু আগরতলার ১৩৫ কিলোমিটার দক্ষিণে ত্রিপুরার সীমান্ত শহর সাবরুমের সঙ্গে ঢাকার ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে বাংলাদেশের সীমান্ত শহর রামগড়ের সংযোগ স্থাপন করবে।
ইতোমধ্যে ভারতকে চট্টগ্রাম, মংলা ও আশুগঞ্জ বন্দর ব্যবহার করতে দিতে রাজি হয়েছে বাংলাদেশ।
ত্রিপুরার নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (এনএফআর) চট্টগ্রাম বন্দর থেকে ৭২ কিলোমিটার দূরে অবস্থিত সাবরুম পর্যন্ত রেলপথ বসানোর করার কাজ শুরু করেছে । ২০১৪ সালের মধ্যে এ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এসইউ/১১০৭ ঘ.
bdnews24