ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- “বাবা ছাড়া আমার কাছে পৃথিবীটা এখন শূন্য মনে হয়। বাবার প্রতিদিনের চুমু থেকে বঞ্চিত হচ্ছি আমি”- হিলারি ক্লিনটনকে লেখা চিঠিতে নিখোঁজ বাবা সম্পর্কে নিজের অনুভূতি এভাবেই তুলে ধরেছেন সাইয়ারা নাওয়াল।
ঢাকা সফররত হিলারি শনিবার রাতে গুলশানে খালেদা জিয়ার বাড়িতে গেলে সেখানে বিএনপি চেয়ারপারসন নিজের সঙ্গে রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর আট বছর বয়সি মেয়ে সাইয়ারাকেও।
হিলারি-খালেদা বৈঠকের পর গুলশানের একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর সাইয়েরা ইংরেজিতে লেখা এক পৃষ্ঠার একটি চিঠি হিলারির হাতে দেন।
‘প্রিয় মিসেস হিলারি ক্লিনটন’ সম্বোধন করে সাইয়ারা লিখেছে- “প্লিজ, আমার বাবার বিষয়টি আপনি বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরুন। আমার বাবাকে যাতে খুঁজে বের করা যায়, সে জন্য সহযোগিতা চাই।”
বৈঠকে অংশ নেওয়া বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, বৈঠকের পর ইলিয়াস আলী একমাত্র মেয়ে একটি চিঠি হিলারি ক্লিনটনের কাছে হস্তান্তর করেন।
“তিনি (হিলারি ) তাকে সান্ত্বনা দিয়ে বলেছেন, তোমার বাবার কথা আমি সরকারকে বলেছি। তাকে খুঁজে বের করতে বলেছি,” বলেন বিএনপি নেতা।
সাইয়ারা লিখেছে, “প্রতিদিন বাবার চুমু খেয়ে আমি স্কুলে যাই। বাবা নেই, আমি তার আদর থেকে বঞ্চিত হচ্ছি। আমি অনুভব করি, আমার অসহায়ত্ব ও একাকীত্ব।”
সাবেক সংসদ সদস্য ইলিয়াস গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ। বিএনপি দাবি করে আসছে, তাকে সরকার ‘গুম’ করেছে। তবে সরকারের পক্ষ থেকে সে অভিযোগ অস্বীকার করা হচ্ছে।
ইলিয়াসের সন্ধানের জন্য তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করেন। প্রধানমন্ত্রীও বিএনপি নেতাকে খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা চালানোর আশ্বাস দিয়েছেন।
তাহসিনা শনিবারও সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রীর আশ্বাসের পর আমি এখনো আশায় আছি। খুঁজে পাওয়া যাবে তাকে (ইলিয়াস)।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/০১০০ ঘ.
bdnews24