বগুড়া, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে বগুড়ার কাহালু উপজেলায় ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার দুপুরে জামগ্রাম ইউনিয়নের দ্বারাই গ্রামে নিহত হন মাহফুজার রহমান ওরফে মাফু (৫৫)। লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত অভিযোগে রবিউল ইসলাম (৩০) ও আকবর আলী (৭০) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রত্যেক্ষদর্শীর বরাত দিয়ে কাহালু থানার ওসি মোজাম্মেল হক বলেন, মাহফুজার রহমানের সঙ্গে তার পালিত ভাই আকবর আলীর জমিজমা নিয়ে প্রায় দুই বছর ধরে বিরোধ এবং মামলা মোকদ্দমা চলছে।
বেলা সোয়া ১২টার দিকে মাঠে কাজ করে মাহফুজার বাড়ি এলে ৬/৭ ব্যক্তি বিবাদ মীমাংশার কথা বলে তাকে গ্রামের রবিউলের বাড়িতে নিয়ে যায়।
সেখানেই প্রতিপক্ষের লোকজন মাহফুজারের বুক ও পাঁজরে ছুরিকাঘাত করে। প্রতিবেশীরা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরে পুলিশ গিয়ে রবিউলকে গ্রেপ্তার করে। তারপর কাহালু হাসপাতাল থেকে আকবর আলীকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় নিহতের ছেলে আব্দুস সালাম বাদী হয়ে কাহালু থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫২ ঘ.
bdnews24