ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম সফরে বিকেলে ঢাকা আসছেন হিলারি ক্লিনটন। রাতে আসছেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।
হিলারির দুই দিনের ঢাকা সফরে বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। আর প্রণব রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর সমাপনী অধিবেশনের অনুষ্ঠানে যোগ দিতে এলেও দুই দেশের যৌথ বিবৃতির বাস্তবায়ন নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।
বেইজিং থেকে বিশেষ বিমানে বিকেল চারটা ১০ মিনিটে ঢাকায় আসবেন হিলারি ক্লিনটন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
সন্ধ্যা ছয়টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষার বিষয় প্রাধান্য পাবে।
মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন তহবিল থেকে অর্থ পাওয়া এবং বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাওয়ার বিষয়টিও আলোচনায় তোলা হবে।
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় মানবাধিকার ও গ্রামীণ ব্যাংকের বিষয় উঠে আসতে পারে বলে মন্তব্য করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। বৈঠক শেষে যৌথভাবে সংবাদ সম্মেলনে উপস্থিত হবেন তারা। এরপর দুই পররাষ্ট্রমন্ত্রী অংশীদারিত্ব সহযোগিতা বিষয়ক ঘোষণায় সই করবেন।
তবে হিলারির এ সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফ্রেমওয়ার্ক চুক্তি (ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট-টিআইসিএফএ) সই হবে কি না তা নিশ্চিত করতে পারেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এরপর হিলারি ক্লিনটন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে তিনি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তার বাসায় বৈঠক করবেন।
রোববার ব্যক্তিগতভাবে সময় কাটাবেন হিলারি ক্লিনটন। নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদের সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। দুপুরে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
প্রণবের সফর
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রাত নয়টার দিকে ম্যানিলা থেকে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছবেন ভারতের অর্থমন্ত্রী। তাকেও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী।
রোববার সকালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
গত সেপ্টেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময় দেওয়া যৌথ বিবৃতির বাস্তবায়ন নিয়ে এ সময় আলোচনা আলোচনা হবে।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হবে প্রণব মুখার্জির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউ/১০০৯ ঘ.
bdnews24