২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীরশ্রেষ্ঠ গ্রন্থাগারে গোলাম আযম-সাঈদীর বই!

মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিনের নামে স্থাপিত গ্রন্থাগারে রাখা হয়েছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী গোলাম আযম ও দেলাওয়ার হোসাইন সাঈদীর লেখা বই, যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলছে। সাইদ মেমনের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 12:33 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

সাইদ মেমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বরিশাল, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিনের নামে স্থাপিত গ্রন্থাগারে রাখা হয়েছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী গোলাম আযম ও দেলাওয়ার হোসাইন সাঈদীর লেখা বই, যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলছে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিনের বাড়িতে প্রতিষ্ঠিত এই গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হয়। গ্রন্থাগারের দর্শনার্থী খোকন আহম্মেদ হিরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর ৪ ও ৫ নম্বর আলমারিতে সাজানো রয়েছে গোলাম আযমের লেখা ‘সহজ বাংলায় আল কুরআনের অনুবাদ’ এবং দেলাওয়ার হোসাইন সাঈদীর লেখা ‘আল কুরআনের দৃষ্টিতে মহাকাশ ও বিজ্ঞান’, ‘শিশুর প্রশিক্ষণ পদ্ধতি’ ও ‘তাফসিরে সাইদী’। এই গ্রন্থাগারের সাবেক গ্রন্থাগারিক মো. নুরুল ইসলাম হাওলাদার, যিনি বীরশ্রষ্ঠ জাহাঙ্গীরের ভগ্নিপতি আসাদুজ্জামানের বাবা, বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “বীরশ্রেষ্ঠ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের তত্ত্বাবধায়ক জেলা পরিষদ। তারাই বইগুলো গ্রন্থাগারে সরবরাহ করেছে।” অন্যদিকে বরিশাল জেলা পরিষদের প্রশাসক মো. মোকলেসুর রহমান বলছেন, তিনি এ ব্যাপারে ওয়াকিবহাল নন। “এমন ঘটনা ঘটে থাকতে পারে। কীভাবে ঘটল তা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে”, বলেন তিনি। ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক হারুন-অর-রশিদ হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ পাঠাগারের বইগুলো এসছে সেনাবাহিনী, জনপ্রশাসন মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা পরিষদ থেকে। এ নিয়ে ‘প্রশ্ন ওঠায়’ বইগুলো সরিয়ে ফেলা হবে বলে জানান তিনি। মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের বাড়িতে তাদের নামে গ্রন্থাগার ও জাদুঘর প্রতিষ্ঠার অংশ হিসাবে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালের ২১ মে উপদেষ্টা আব্দুল মালেক শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন গ্রন্থাগারের উদ্বোধন করেন। রহিমগঞ্জ গ্রামের শিক্ষানুরাগী অধ্যাপক আব্দুল হাকিম জানান, জাতীয় সংগীত না বাজিয়ে জাতীয় পতাকা উত্তোলন না করে এ গ্রন্থাগার ও জাদুঘরের উদ্বোধন করায় স্থানীয় মুক্তিযোদ্ধাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানের মাঝপথেই বেরিয়ে গিয়েছিলেন। “এখানে কীভাবে দুই রাজাকারের লেখা বই এসেছে এবং সেগুলো যতœ সহকারে রাখা হয়েছে তার তদন্ত হওয়া উচিৎ,” বলেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহস ও আত্মত্যাগের অনন্য নজির দেখানোয় যে সাতজনকে ‘বীরশ্রেষ্ঠ’ খেতাব দেওয়া হয়েছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তাদেরই একজন। ১৯৭১ সনের ১৪ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জে পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি। অন্যদিকে জামায়াতে ইসলামীর তখনকার আমীর গোলাম আযম ও বর্তমান নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীসহ দলটির নেতারা সে সময় বাংলাদেশের স্বাধীনতার প্রবল বিরোধিতা করেন। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের কারণে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। একই অভিযোগে মামলা চলছে গোলাম আযমের বিরুদ্ধেও। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসাবে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বহু মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/জেকে/১৮২১ ঘ.