২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ জাপানি মন্ত্রীর

এর জবাবে শেখ হাসিনা কাতসুয়া ওকাদাকে বলেছেন, জাপানের মত বিশ্বস্ত বন্ধু পাশে থাকলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে অনেক সম্ভাবনা দেখছেন জাপানি উপপ্রধানমন্ত্রী কাতসুয়া ওকাদা, তবে এই সম্ভাবনাকে কাজে লাগানোই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি। সফররত জাপানের উপ-প্রধানমন্ত্রী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বলেছেন, “এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ অনেকদূর এগিয়ে যাবে।” “এর জবাবে শেখ হাসিনা জাপানের উপ-প্রধানমন্ত্রীকে বলেছেন, জাপানের মত বিশ্বস্ত বন্ধু পাশে থাকলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব,” বলেছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব। প্রধানমন্ত্রীর সঙ্গে ওকাদার বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন প্রেস সচিব আবুল কালাম আজাদ। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সময় থেকে জাপান সরকারের সহযোগিতার কথা স্মরণ করে সে দেশের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান। পাশাপাশি ভূমিকম্প ও সুনামির পরও পদ্মা সেতুর নির্মাণ কাজে অর্থ সহায়তার প্রতিশ্রুতি রক্ষা করায়ও জাপানকে ধন্যবাদ জানান তিনি। সফররত জাপানি উপ-প্রধানমন্ত্রী দুই দেশের পারস্পরিক বাণিজ্য সম্পর্ক জোরদারের ওপর জোর দেন। বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়লেও গ্যাস, বিদ্যুৎ ও পদ্ধতিগত জটিলতার সম্মুখীন বিনিয়োগকারীরা হন জানিয়ে তার সুরাহা করার পরামর্শ দেন ওকাদো। আবুল কালাম জানান, “এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, গ্যাস ও বিদ্যুতের সমাধানের চেষ্টা চলছে। বিদ্যুত ও গ্যাস উৎপাদন আগের চেয়ে বেড়েছে।” প্রধানমন্ত্রী অন্যান্য খাতের পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে জাপানের প্রতি আহ্বান জানান। দুর্নীতি দমনে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার কোনো অবস্থাতেই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে না। কয়েকটি খাদ্য গুদাম নির্মাণে এর আগে জাপান যে প্রতিশ্রুতি দিয়েছে সেজন্যও ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার খাদ্য নিরাপত্তা ও পুষ্টির বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে। চারদলীয় জোট সরকারের সময় ২১ অগাস্ট গ্রেনেড হামলা ও সারাদেশে একযোগে বোমা হামলার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তার সরকার শক্ত হাতে সন্ত্রাস দমন করছে। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সুচির সংসদে যোগ দেওয়ার বিষয়টি শুভ লক্ষণ মন্তব্য করে তিনি বলেন, “প্রতিবেশী দেশে গণতন্ত্র থাকলে তা বাংলাদেশের জন্য ভালো।” জাপানের উপ-প্রধানমন্ত্রী সেদেশে সুনামি এবং ভূমিকম্পের পর বাংলাদেশের সহযোগিতার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, স¤প্রতি প্রধানমন্ত্রীর জাপান সফরে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হয়েছে। সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, অ্যাম্বাসেডার অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ ওয়াহিদ-উজ জামান ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিসি/এমআই/২১২৫ ঘ.