২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ড-জামিন নাকচ, রিজভী কারাগারে

হরতালের দুই মামলায় জামিন ও রিমান্ড আবেদন নাকচ করে রুহুল কবির রিজভীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 09:30 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণ এবং গাড়ি পোড়ানোর দুটি মামলায় জামিন ও হেফাজতের (রিমান্ড) আবেদন নাকচ করে দিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগারে পাঠিয়েছে আদালত। শাহবাগ ও তেজগাঁও থানার রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত বৃহস্পতিবার এই আদেশ দেয়। একইসঙ্গে রিজভীর জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হয়। হাতবোমা বিস্ফোরণের মামলায় শাহবাগ থানার ১০ দিনের রিমান্ড আবেদন শোনেন মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান। আদেশে তিনি বলেন, এ মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ পরিদর্শক বিপ্লব কুমার শীল চাইলে তিন দিনের মধ্যে কারা ফটকে আসামিকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় রিজভীকে ৫ দিনের রিমান্ডে চেয়ে তেজগাঁও থানার আবেদনের শুনানি গ্রহণ করেন মহানগর হাকিম এরফান উল্লাহ। তিনিও রিজভীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ দুটি মামলায় গত ৩০ এপ্রিল রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। অন্যদিকে রিজভীর আইনজীবীরা তাদের মক্কেলের জামিনের আবেদন করেন। ওইদিন প্রাথমিক শুনানি শেষে আদালত আরো শুনানির জন্য বৃহস্পতিবার দিন রাখে। আদালতে রিজভীর পক্ষে শুনানিতে ছিলেন বোরহান উদ্দিন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার বিএনপিপন্থী আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে ছিলেন মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু। বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর ‘সন্ধান’ দাবিতে বিএনপির ডাকে টানা হরতালের প্রথম দিন রোববার সচিবালয়ে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। ওই রাতেই শাহবাগ থানার এসআই হীরেন্দ্রনাথ প্রামানিক বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৮ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার আসামির তালিকায় রুহুল কবির রিজভীর নাম রাখা হয় তিন নম্বরে। এছাড়া রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর অভিযোগে তেজগাঁও থানায় আরেকটি মামলা হয়, যাতে আসামি করা হয় রিজভীসহ বিএনপি ও সমমনা দলগুলোর ৪৪ নেতাকর্মীকে। বিএনপি দাবি করেছে, ‘মিথ্যা’ অভিযোগে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে এই মামলা হয়েছে। এর পেছনে সরকারের ‘দুরভিসন্ধি’ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৮২০ ঘ.