গোপালগঞ্জ, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বজ্রপাতে স্ত্রীর মৃত্যু হয়েছে বলে পুলিশ ডেকে এনে খুনের অভিযোগে আটক হয়েছেন স্বামী নিজেই।
বুধবার রাতে মুকসুদপুর উপজেলার উত্তর যাত্রাবাড়ি গ্রামে মাধুরী মণ্ডলকে (৪৩) হত্যার দায়ে বৃহস্পতিবার তার স্বামী সুভাষ মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ।
মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শ্যামলাল নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক কলহের জের ধরে বুধবার রাতে স্ত্রীকে হত্যার পর স্বামী সুভাষ মুকসুদপুরের সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়িতে গিয়ে জানান তার স্ত্রী বজ্রপাতে মারা গেছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাধুরীর ঠোঁট ও কোমরসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পায়।
বজ্রপাতে নিহত হওয়ার কোনো আলামত ছিল না জানিয়ে ওসি বলেন, “প্রাথমিক তদন্তের পর আমাদরে ধারণা হয়েছে মাধুরীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১১২৩ ঘ.
bdnews24