নারায়ণগঞ্জ, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলীতে এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী এক যুবক। আহত হয়েছে নিহত ওই শিশুর দুই বোনসহ আরো এক প্রতিবেশী।
আহতদের মধ্যে নিহতের দু’বোন তানিয়া (৯) ও তানজিলা (১০)কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেশী রাজিয়া বেগমকে (৩২) ভর্তি করা হয়েছে শহরের খানপুর ২শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের রাধানগর এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৯টার দিকে রাধানগর এলাকার ইমাম হোসেনের বাড়িতে ঢুকে তার এক বছরের শিশু আজিজুল হককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় প্রতিবেশী যুবক শামীম (২৬)।
শিশু আজিজুলকে বাঁচাতে তানিয়া ও তানজিলা এগিয়ে এলে শামীম তাদেরও কুপিয়ে আহত করে জানিয়ে ওসি বলেন, তাদের চিৎকারে প্রতিবেশী রাজিয়া এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে শামীম।
আজিজুলকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, সে মারা গেছে।
ঘটনার পর থেকে শামীম পলাতক। ওই যুবক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। তবে স্থানীয়রা বলছে, শামীম মানসিক রোগী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০৫২ ঘ.
bdnews24