নারায়ণগঞ্জ, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎপাদন মজুরি বাড়ানোর দাবিতে নারায়ণগঞ্জে সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করেছে বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন।
বুধবার সকাল ৮টা থেকে নিটিং কারখানার মালিকরা এই ধর্মঘট পালন করে। তবে নিটিং মালিকদের ধর্মঘটকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিকেএমইএ।
নিটিং মালিকরা মূলত সুতা থেকে কাপড় তৈরি করে। সেই কাপড় বিকেএমইএ-এর সদস্যভুক্ত মালিকদের কারখানায় যায়, যা দিয়ে পোষাক তৈরি হয়।
বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশেন সভাপতি আবু তাহের শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতি কেজি সিঙ্গেল জার্সি সুতা থেকে কাপড় উৎপাদন করতে খরচ পড়ে ১০ টাকার বেশি। কিন্তু বিকেএমইএ মালিকরা মজুরি বাবদ তাদেরকে দিচ্ছে ৭ টাকা। তিনি সিঙ্গেল জার্সি থেকে কাপড় উৎপাদনের মজুরি প্রতিকেজিতে ৩ টাকা বাড়ানোর জন্য বিকেএমইএ’র প্রতি আহ্বান জানান।
দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান শামীম।
সারাদেশে প্রায় ৫ শতাধিক নিটিং কারখানার সাড়ে তিনশই রয়েছে নারায়ণগঞ্জে। যার আড়াই শতাধিক ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে অবস্থিত। ধর্মঘটের ফলে পঞ্চবটি বিসিক শিল্পনগরী, ফতুল্লা শিল্পাঞ্চলসহ আশপাশের কোনো নিটিং কারখানায় এদিন উৎপাদন হয়নি।
অন্যদিকে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচার্স এক্সপোর্ট এসোসিয়েশন-বিকেএমইএ’র সহ-সভাপতি এ এইচ আসলাম সানি জানান, উপাদন মজুরি নির্ভর করে মূলত সাপ্লাইয়ার, বায়ার এবং বাজারের চাহিদার উপর।
অ্যাসোসিয়েশন কোনো মূল্য নির্ধারণ করতে পারে না। দাম নির্ধারিত হয় বায়ার মালিকদের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে।
বিকেএমইএ নেতা বলেন, নিটিং কারখানা মালিকদের ধর্মঘট অযৌক্তিক, এতে কোনো ফল হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০৩৭ ঘ.
bdnews24