২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সালিশের পর মাথা মুড়িয়ে গ্রামে ঘোরানো হল শ্বশুর-পুত্রবধূকে

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সালিশ বসিয়ে সিদ্ধান্ত নিয়ে এক ব্যক্তি ও তার পূত্রবধূকে মাথা ন্যাড়া করে গ্রাম ঘুরিয়েছে স্থানীয় মাতব্বররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 04:38 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

জিয়া শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বগুড়া, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সালিশ বসিয়ে সিদ্ধান্ত নিয়ে এক ব্যক্তি ও তার পূত্রবধূকে মাথা ন্যাড়া করে গ্রাম ঘুরিয়েছে স্থানীয় মাতব্বররা। উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের সৈয়দ দামগারা গ্রামে রোববার সন্ধ্যায় সালিশের পর পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি ও তার পূত্রবধূকে এই শাস্তি দেন। দুজনের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ আনে মাতব্বররা। এরপর সালিশকারী ৩৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শিবগঞ্জ থানার পরিদর্শক লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার তিন আসাসিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- আবুল কাসেম মণ্ডল (৩০), তোফাজ্জল মণ্ডল (৩৫) ও রবিউল ইসলাম (৩৮)। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ কর্মকর্তা লুৎফর জানান। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্যাতিত ব্যক্তির ছেলে পরিবহন শ্রমিক। পেশাগত কাজে প্রায়ই তাকে বাইরে থাকতে হয়। “এই সুযোগে গ্রামের কতিপয় বখাটে ওই পূত্রবধূকে উত্ত্যক্ত করে আসছিল। এনিয়ে বখাটেদের সঙ্গে তার স্বামীর বদানুবাদও হয়।” এরপরই গত মাসের মাঝামাঝিতে গ্রামের কতিপয় মাতব্বর পুত্রবধূর সঙ্গে শ্বশুরের অবৈধ সম্পর্কের অভিযোগ এনে পরিবারটিকে হুমকি দিতে থাকে বলে এসআই জানান। তিনি বলেন, এর জের ধরেই রোববার সন্ধ্যায় মাতব্বর মো. ওবায়দুল্লাহ (৫০), ইছাহাক আলী (৩২), রজিব উদ্দিন (৪০) জাহিদুল ইসলাম (৩৫), ধলু মুন্সিসহ (৩৮) কমপক্ষে ৩৫-৪০ জন ওই বাড়িতে যান এবং সালিশ বসান। স্থানীয়রা জানায়, সালিশে শ্বশুর-পূত্রবধূকে প্রথমে বেদম পেটানো হয়, পরে তাদের মাথা ন্যাড়া করে গ্রামে ঘোরানো হয়। গ্রামের সব মানুষ এ দৃশ্য দেখলেও কেউ ভয়ে প্রতিবাদ করেনি বলে জানান এসআই। “খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই মাতব্বররা পালিয়ে যায়,” বলেন তদন্ত কর্মকর্তা। এই ঘটনায় মামলাটি করেছেন নির্যাতিত ব্যক্তির ছোটভাই ভ্যানচালক আব্দুল জলিল মণ্ডল। গ্রামের আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাতব্বরদের ভয়ে কেউ ওই ঘটনার প্রতিবাদ করার সাহস পায়নি। কাউকে মামলায় সাক্ষ্য না দেওয়ার জন্যও এখন হুমকি আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২১৪৬ ঘ.