২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যক্তিগত গাড়িতে সিএনজি না দেওয়ার সুপারিশ

“যারা নিশান পেট্রোল, পাজেরোর মতো বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন, তাদের গাড়িতে সিএনজি ব্যবহার বন্ধ করতে হবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 02:46 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণপরিবহন ছাড়া ব্যক্তি পর্যায়ে বিলাসবহুল গাড়িতে সিএনজি ব্যবহার নিষিদ্ধের পক্ষে মত দিয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে দুটি (ধনী ও গরিবের জন্য) আলাদা দর নির্ধারণের মতও দিয়েছে তারা। আগামী অর্থবছরের বাজেটকে সামনে রেখে বুধবার দেশের অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠকের পর কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের কাছে তাদের অবস্থান জানান। আগামী ১০ মে ব্যবসায়ী, ব্যাংকারসহ সবার সঙ্গে দিনব্যাপী বৈঠকের পর বাজেট বিষয়ে সংসদীয় কমিটি সুপারিশ চূড়ান্ত করবে বলে জানান তিনি। মুস্তফা কামাল বলেন, “যারা নিশান পেট্রোল, পাজেরোর মতো বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন তাদের গাড়িতে সিএনজি ব্যবহার বন্ধ করতে হবে। সবার গাড়ির সিএনজি করার কোনো মানে হয় না। এ আইডিয়াটা ছিল একদমই ভুল।” বিদ্যুতের ক্ষেত্রে শ্রেণীবিভাগের ক্ষেত্রে মত জানিয়ে গ্রামের প্রান্তিক ও ধনী কৃষকদের বিদ্যুতের দর আলাদা করার পক্ষে মত জানিয়ে তিনি বলেন, এতে ভর্তুকি কমে আসবে এবং সামাজিক ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত হবে। পিডিবির সমালোচনা করে সংসদীয় কমিটির সভাপতি বলেন, “আমরা সঠিক চাহিদা জানি না। যারা এটা করে (পিডিবি), তারা সত্যিকার অর্থে কত চাহিদা তা নিরূপণ করতে পারেনি। তারা একেক সময় একেকটা বলে। সঠিক তথ্য জানা দরকার।” তবে বিরোধী দলসহ অনেকের সমালোচনা হলেও বিদ্যুৎ সঙ্কট উত্তরণে কুইক রেন্টাল পদ্ধতির পক্ষেই অবস্থান প্রকাশ করেন মুস্তফা কামাল। “এ সময়ে চাহিদা যে হারে বেড়েছে তাতে কুইক রেন্টাল না থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ হত,” বলেন তিনি। সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, ড. সালেহ উদ্দিন আহমেদ, সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য, মোস্তাফিজুর রহমান এবং বিআইডিএস’র মহাপরিচালক মোস্তফা কে মুজেরী প্রমুখ। বৈঠকে দেশের শিল্প বিকাশে ক্যাপিটাল মেশিনারি ট্যাক্স ৩ থেকে কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব করা হয়। এছাড়া বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়ার প্রস্তাবও আসে। মুস্তফা কামাল আমলাতন্ত্রে সমন্বয়হীনতার বিষয়টি তুলে ধরে তা দূর করার ওপর জোর দেন। দেশের সার্বিক অর্থনীতির গতিধারায় সন্তোষ প্রকাশ করে তিনি আশা করেন, এ অর্থবছরে নির্ধারিত প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৭ অর্জন সম্ভব হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২০৪১ ঘ.