ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য গুদাম খালি করার জন্য ওএমএসের চালের দাম কমানোর প্রস্তাব অনুমোদন করেনি খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি। প্রস্তাবটি ফেরৎ পাঠানো হয়েছে।
সোমবার খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয়ে কমিটির ওই সভা অনুষ্ঠিত হয়।
পরে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, খাদ্যগুদামগুলো খালি করতে দাম কমিয়ে ওএমএস শুরুর প্রস্তাব করা হয়েছিলো। কিন্তু এতে বাজারে চালের দামে আরো বিরূপ প্রভাব পড়তে পারে। এ বিবেচনায় প্রস্তাবটি ফেরৎ পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নতুন মূল্য নির্ধারণ ও প্রস্তাবনা তৈরি করে পরবর্তী সভায় উপস্থাপন করতে বলা হয়েছে বলে জানান তিনি।
খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সভায় ওএমএস’র চালের দাম প্রতিকেজি ২০ টাকা নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু সার্বিক বিবেচনায় কমিটির সদস্যরা এ প্রস্তাবের বিরোধিতা করায় প্রস্তাবটি অনুমোদন হয়নি।
বর্তমানে ওএমএস এবং সুলভ মূল্যের চালের দাম কেজিপ্রতি ২৪ টাকা নির্ধারিত রয়েছে। কিন্তু এ বছর চালের দাম স্থিতিশীল থাকায় এ দুটি কার্যক্রম এখনো শুরু করা যায়নি। অন্য বছরগুলোতে মূল্য স্থিতিশীল রাখতে মার্চ-এপ্রিলে এ কার্যক্রম শুরু করা হতো।
কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা, খাদ্য সচিব বরুন দেব মিত্র, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহম্মদ হোসেন খান এবং এফপিএমইউ’র মহাপরিচালক নাসের ফরিদ সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০২৩ ঘ.
bdnews24