চাঁদপুর, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদীতে সবরকম মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা উঠছে ১ মে। তবে জাটকা ধরার ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা থাকবে আরো এক মাস।
ইলিশ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় গত মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরে মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৬ সাল থেকে মার্চ ও এপ্রিল মাসে চাঁদপুরের বিস্তীর্ণ নদীসীমাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। এর আওতায় চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে মৎস্য মন্ত্রণালয়। এর মধ্যে চাঁদপুরের নদীসীমানা ৬০ কিলোমিটার।
এ সময়ে নদীতে জাল ফেলা বা মাছ ধরার শাস্তি হিসেবে কারাদণ্ড, জাল পোড়ানো ও ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা ধার্য ছিল।
রতন দত্ত জানান, জাটকা নিধন প্রতিরোধ কমিটির জেলা টাস্কফোর্স এ দু’মাসে মেঘনায় জাটকা নিধনকালে শতাধিক জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে।
গতবছর ১৬৪ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল।
মৎস্য গবেষণা ইনস্টিটিউট, চাঁদপুর নদী কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আনিছুর রহমান বলেন, গতবছর ইলিশ উৎপাদিত হয়েছে ৩ লাখ ৪০ হাজার মেট্রিক টন ইলিশ। এ অর্থবছরের শেষ নাগাদ উৎপাদনের পরিমাণ ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে।
এর আগে ২০১০ সালে ইলিশ উৎপাদিত হয়েছে ৩ লাখ ১২ হাজার মেট্রিক টন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৬৩১ ঘ.
bdnews24