ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাতবোমা বিস্ফোরণের পর সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সরকারি কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র সচিবালয়ে সোমবার আগের হরতালগুলোর চেয়ে বেশি পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া পুরো এলাকায় চলাচলও সংরক্ষিত রয়েছে।
পুলিশের এ কড়াকড়ির কারণে সচিবালয়ের সংবাদ সংগ্রহে দায়িত্ব পালনকারী গণমাধ্যম কর্মীদেরও দুর্ভোগ পোহাতে হয়।
তল্লাশি ছাড়াও সরকারি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের বিভিন্ন পয়েন্টে পুলিশ আটকে দেয়। ফলে অনেক গণমাধ্যম কর্মীকে হেনস্তার শিকার হতে হয়।
বিএনপির হরতাল চালাকালে রোববার বিকেলে সচিবালয়ের বাইরে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দুটি হাতবোমা বিস্ফোরিত হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি রাখার জায়গায়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অতিরিক্ত উপকমিশনারের (সচিবালয়) কার্যালয়ের তথ্য অনুযায়ী, সচিবালয়ের চারদিকের রাস্তার একাংশ বন্ধ এবং এই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। জাতীয় প্রেসক্লাব ও সচিবালয়ের পাশ দিয়ে চলে যাওয়া সড়কের সচিবালয়ের পাশ ঘেষা অংশটি কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
অন্য অংশটি খোলা থাকলেও পুলিশী তল্লাশির পর ওই অংশ দিয়ে মানুষ চলাচল করতে পারছে। যানবাহনও চলছে সীমিত আকারে।
এ এলাকায় রোববারের চেয়ে অতিরিক্ত তিনগুণ পুলিশ মোতায়েন করা হয়েছে। সচিবালয়ের ভেতরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সকাল থেকে সর্বোচ্চ তল্লাশি এবং প্রবেশপত্র দেখে সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং গণমাধ্যম কর্মীদের সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়। তবে বহিরাগত কর্মীদের প্রবেশের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা হয়।
কড়াকড়ির কারণে সোমবার সচিবালয়ে সাধারণ দর্শনার্থীদের তেমন ভিড় ছিল না। ফলে কর্মকর্তা ও কর্মচারীরা নিরিবিলিতে তাদের কাজকর্মও করতে পেরেছেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধান দাবিতে রবিবার-সোমবার টানা দুইদিন হরতাল চলছে সারা দেশে। ঃ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৪৫৬ ঘ.
bdnews24