সিলেট, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপির ডাকা প্রথম দফা হরতালে উত্তাপ ছড়ালেও দ্বিতীয় দফার দ্বিতীয় দিনও সিলেটে ঢিলেঢালা হরতাল পালিত হচ্ছে।
সোমবার ভোর থেকে বৃষ্টির কারণে সিলেটের রাস্তাঘাট ছিলো জনমানব শূন্য। কোথাও কোন ধরনের পিকেটিং ছাড়াই চলছে হরতাল। নগরীতে বিচ্ছিন্নভাবে চলছে রিকশা ও হালকা যান।
দূর পাল্লার কোন বাস ছেড়ে না গেলেও ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক। সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, নির্ধারিত সময়ে সিলেট থেকে নির্দিষ্ট গন্তব্যে ট্রেন ছেড়ে গেছে।
সকাল সোয়া ৯টার দিকে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীরতে মিছিল বের করা হয়। নগরীর জিন্দাবাজার থেকে মিছিলটি বের হয়ে আম্বরখানা গিয়ে শেষ হয়।এর পর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আরেকটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রথম দফা হরতালে ইলিয়াস আলীর গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথে উত্তাপ ছড়ালেও রোববারের মতো সোমবারও সেখানে শান্তিপুর্ণ হরতাল পালিত হচ্ছে।
সেখানে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী বলেন, শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে। কোন ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি।
এছাড়া সিলেটের ১২ উপজেলাতেও শান্তিপূর্ণভাবে হরতাল চলছে বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার শাখাওয়াত হোসেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত সপ্তাহে তিন দিন হরতালের পর রোব ও সোমবারও একই কর্মসূচি দেওয়া হয়। এর আগে ১৯ এপ্রিল (বৃহস্পতিবার) সিলেট বিভাগের চার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করে স্থানীয় বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১৫৬ ঘ.
bdnews24