ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনায় গঠিত তদন্ত কমিটি পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন করে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেছে।
তদন্ত কমিটির প্রধান রেলের মহাপরিচালক আবু তাহের সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিজিবি সদর দপ্তরের বিভিন্ন স্থান পরিদর্শন করে তারা কয়েকজন কর্মকর্তার সঙ্গে ৯ এপ্রিল রাতের ঘটনা নিয়ে কথা বলেছেন।
তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।
৯ এপ্রিল রাতে পিলখানায় বিজিবি সদর দফতরের ফটকে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়। সেই গাড়িতে পূর্বাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও রেল পুলিশের কমান্ডেন্ট এনামুল হকও ছিলেন।
ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি ফারুক বলে আসছেন, গাড়িতে পাওয়া অর্থ তার নিজের; যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ওই অর্থ রেলে নিয়োগে ঘুষ হিসেবে নেওয়া হয়েছিল।
সোমবার প্রথম দফায় বিজিবি সদরদপ্তর পরিদর্শন ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে উল্লেখ করে আবু তাহের বলেন, এ সপ্তাহের মধ্যে আরো একবার সেখানে যাবেন তারা। সেই রাতে পিলখানায় কী ঘটেছিল- তার স্পষ্ট তথ্য পাওয়ার চেষ্টা করবেন।
অর্থ কেলেঙ্কারির বিষয়টি জানাজানি হলে ইউসুফ আলী মৃধা ও এনামুল হককে সাময়িক বরাখাস্ত করা হয়; চাকরিচ্যুত হন ওমর ফারুক তালুকদারও।
এছাড়া সুরঞ্জিত সেনগুপ্ত দায় নিজের কাঁধে নিয়ে রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/জেকে/১৬৪৫ ঘ.
bdnews24