ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডি-৮ এর সদস্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পর্যালোচনায় চার দিনের সফরে মঙ্গলবার ঢাকা আসছেন সংগঠনটির মহাসচিব উইদি আ প্রাতিক্তো।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক এফএম বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সফরকালে ডি-৮ এর মহাসচিব কৃষি, পররাষ্ট্র, শিল্প ও বেসামরিক বিমান ও পর্যটনের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীদ এবং পররাষ্ট্র সচিব ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধানের সঙ্গে বৈঠক করবেন।”
তিনি বলেন, “আমরা ডি-৮ ভুক্ত দেশগুলোর সঙ্গে সহযোগিতা বিস্তৃত হতে পারে এমন আরো ক্ষেত্র চিহ্নিত করেছি। তাছাড়া এখন সুদৃঢ় সম্পর্ক স্থাপনের কৌশল নিয়ে কাজ করছি।”
উদাহরণ তুলে ধরে বোরহান উদ্দিন বলেন, কৃষি, শিল্প বা পর্যটনে সাফল্য পাওয়া দেশের অভিজ্ঞতা বা প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশও লাভবান হতে পারে।
বিশ্ব অর্থনীতিতে অবস্থান উন্নত করতে ১৯৯৬ সালে অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্য নিয়ে আঙ্কারাভিত্তিক ডি-৮ গঠন করা হয়। মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে বাংলাদেশও এর সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এএল/২৩০৭ ঘ.
bdnews24