টাঙ্গাইল, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজের এক সপ্তাহ পরও টাঙ্গাইল শহরের দুই স্কুল ছাত্রীকে উদ্ধার করা যায়নি।
গত ২২ এপ্রিল ষষ্ঠ শ্রেণির এ দুই ছাত্রী নিখোঁজ হয়। ওইদিনই দু’জনের পরিবার টাঙ্গাইল মডেল থানায় সাধারণ ডায়েরি করে। এরপর শুক্রবার (২৭ এপ্রিল) পাঁচ জনকে আসামি করে অপহরণ মামলা করা হয়।
এই দুই পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, জেলা শহরের কোদালিয়া এক ছাত্রী ২২ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে বাসা থেকে কোচিংয়ে গিয়ে আর ফিরে আসেনি।
মেয়েটির মা মামলায় অভিযোগ করেন, রাফি নামে স্থানীয় এক যুবক তার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিশ হয়। রাফির অভিভাবক ভবিষ্যতে ছেলেকে এ ধরনের কাজ থেকে বিরত রাখার অঙ্গীকার করেন।
রাফিই তার সহযোগীদের নিয়ে তার মেয়েকে অপহরণ করেছে বলে তিনি অভিযোগ করেন।
অপর মামলার বরাত দিয়ে পুলিশ আরো জানায়, একই দিন সকালে শহরের দেওলায় ভাড়া বাসা থেকে বের হয়ে আর ফেরেনি ৬ষ্ঠ শ্রেণির ওই মেয়েটি।
টাঙ্গাইল থানার উপ-পরিদর্শক শোয়েব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দু’ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে। শিগগিরই তাদের উদ্ধার করা সম্ভব হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯১৮ ঘ.
bdnews24