চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলা থেকে শনিবার দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রোববার সকালে গোমস্তাপুর থেকে এক যুবকের মাথা উদ্ধার করা হয়েছে।
এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তাদের আত্মীয় দুই মহিলাকেও আটক করা হয়।
গ্রেপ্তার হয়েছেন সানোয়ার হোসেন (৪০) ও জাহাঙ্গীর হোসেন (৪৫)। সানোয়ার পল্লী চিকিৎসক এবং নাচোলের চাঁনপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে। জাহাঙ্গীর গোমস্তাপুরের বালুগ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাকিলুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকালে নাচোলের খোলশী এলাকা থেকে রুহুল আমিন সালমান (২৮) নামের এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিনই পুলিশ নাচোল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
এর জের ধরে পুলিশ সানোয়ার ও জাহাঙ্গীরকে শনিবার রাতে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রোববার সকালে গোমস্তাপুরের ধাইনাঘাট থেকে সালমানের মাথা উদ্ধার করে। সালমান ছিলেন সানোয়ারের ভগ্নিপতি।
জেএমবি’র কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
এএসপি আরো জানান, সালমানের বোন সায়েমা খাতুন (২২) এবং সানোয়ারের স্ত্রী রহিমা খাতুনকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
দুপুরে সানোয়ারের গ্রামের বাড়ি চাঁনপুরে গেলে তার মা সায়েরা খাতুন জানান, সালমানের বাড়ি ঢাকার ধানমন্ডিতে। গত বছর ২৮ অক্টোবর সালমানের সঙ্গে তার মেয়ে গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর সিনিয়র মাদ্রাসার ফাজিল শ্রেণির ছাত্রী সায়েমা খাতুনের বিয়ে হয়।
সায়েরা খাতুন জানান, সোমবার সালমান ঢাকা থেকে সায়েমাদের বাড়ি বেড়াতে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি।
এর আগে সানোয়ারের ভাই রফিকুল ইসলামকেও (২৫) জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবি সন্দেহে আটক করেছিল র্যাব। রফিকুল জামিনে রয়েছের বলে জানান তার মা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮০০ ঘ.
bdnews24