কুমিল্লা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিয়াস আলীর সন্ধান চেয়ে হরতালের প্রথম দিনে কুমিল্লার বরুড়া উপজেলা চেয়ারম্যানের গাড়িতে হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীরা।
রোববার সকালের এ হামলায় পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।
আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান আবদুল হাফিজ দাবি করেছেন, তার গাড়িতে গুলি চালানো হয়েছে। তবে বিএনপি হামলার কথা অস্বীকার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে গাড়িবহর নিয়ে আমড়াতলী থেকে সদরের দিকে যাচ্ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল হাফিজ। চেয়ারম্যানের গাড়ির পেছনে অন্তত ১০/১২টি মোটরসাইকেলে ছিলেন তার সমর্থক আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে পৌঁছালে আগে থেকে সেখানে পিকেটিংয়ে থাকা বিএনপি নেতাকর্মীরা গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
তাদের হামলায় শিলমুড়ি ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল হোসেন, আলী হোসেন, শিমুলসহ পাঁচ জন আহত হন। এ সময় ভাঙচুর করা হয় ৩/৪টি মোটরসাইকেল।
উপজেলা চেয়ারম্যান আবদুল হাফিজ দাবি করেন, সংঘর্ষের একপর্যায়ে হরতালকারীরা গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এতে গাড়ির গ্লাস ও হ্যাডলাইট ভেঙে গেছে। হরতালকারীরা তাকে টেনে গাড়ি থেকে নামানোর চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
অবশ্য উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও বরুড়া পৌরসভার মেয়র জসীম পাটোয়ারী হামলার কথা অস্বীকার করে বলেন, “বিএনপি বিশৃঙ্খলার রাজনীতি করে না।”
বরুড়া থানার ওসি এস এম বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপজেলা চেয়ারম্যানের গাড়িতে হামলার কথা শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭০৪ ঘ.
bdnews24