বরিশাল, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল রেঞ্জ পুলিশ ফুটবল প্রতিযোগিতায় হাতাহাতির ঘটনায় পুলিশের দুই সদস্যকে শাস্তি দেওয়া হয়েছে।
শনিবার বিকালে বরিশাল রেঞ্জ রিজার্ভ পুলিশ ও পটুয়াখালী জেলা পুলিশের মধ্যে সেমিফাইনাল খেলা চলাকালে দুইপক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে।
পরে আয়োজক কমিটির জরুরি সভায় বরিশাল জেলা পুলিশের রিজার্ভ ইন্সপেক্টরকে (আরআই) মোজাহার আলীকে প্রত্যাহার এবং কনস্টেবল মো. মাসুদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় বলে জানান ডিআইজির স্টাফ অফিসার (এএসপি) আবুল কালাম আজাদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে মাঠে প্রবেশ নিয়ে বরিশাল রেঞ্জ রিজার্ভ পুলিশ ও পটুয়াখালী জেলা পুলিশের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে খেলা পণ্ড হয়ে যায়। তখন বরিশাল রেঞ্জ রিজার্ভ পুলিশ ২-১ গোলে এগিয়ে ছিলো। পরে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়।
হাতাহাতির ঘটনায় আহত চার কনস্টেবলকে পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬৫৫ ঘ.
bdnews24