চট্টগ্রাম, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপির দ্বিতীয় দফা হরতালে চট্টগ্রামের প্রধান সড়কগুলোতে তেমন পিকেটার দেখা না গেলেও বৃষ্টির কারণে দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীদের।
রোববার সকালের দিকে বৃষ্টির কারণে রাস্তায় বাসসহ অন্যান্য গণপরিবহনের সংখ্যা ছিল অনেক কম। ফলে কর্মস্থলে যেতে গুণতে হয়েছে বাড়তি ভাড়া।
সকাল সাড়ে ৭টায় নগরীর দুই নম্বর গেটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিজের দুর্ভোগের কথা জানালেন মেরিস্টোপসকর্মী শিমু আক্তার।
তিনি বলেন, “এখান থেকে কর্মস্থল ছোটপুল যাওয়া আসায় অন্যান্য সময় ২২ টাকা লাগলেও হরতালের সময় দেড়শ টাকা লাগে। এমনিতে বাসে যাতায়াত করলেও হরতালে বাস না পাওয়ায় রিকশা এবং টোম্পোতে করে আমাকে যেতে হয়েছে।”
স্থানীয় লালমাই গ্র“পের এক কর্মী জানান, কোম্পানির মালিক লক্ষ্মীপুর জেলা বিএনপির সেক্রেটারি হলেও অফিসে না গেলে তাদের জবাবদিহি করতে হয়।
ফলে বেশি ভাড়া দিয়ে কর্মস্থলে যাচ্ছেন বলে জানান তিনি।
নগরীর বহদ্দার হাট, মুরাদপুর, ষোলশহর দুই নম্বর গেট, আন্দরকিল্লা, লালখান বাজার মোড় এলাকা ঘুরে দেখা গেছে সড়কগুলোতে পিকেটার না থাকলেও বেশি ভাড়া আদায়ের কারণে দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষজন।
বহদ্দার হাট থেকে টাইগার পাস পর্যন্ত টেম্পোতে ভাড়া নেয়া হচ্ছে ১৫ টাকা অথচ প্রকৃত ভাড়া সাত টাকা। যে কয়টি শহর এলাকার বাস চলছে সেখানে প্রতি যাত্রীর কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে দুই-তিন টাকা বেশি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে টাইগার পাস মোড়ে এক বাসের চালক করিম বলেন, “হরতালে জীবনের ঝুঁকি নিয়ে বাস চালাচ্ছি। দুই-এক টাকা বেশি নিচ্ছি। যাত্রীরাও নাখোশ হচ্ছেন না।”
হরতালে ঝুঁকি নিয়ে কেন বাস নিয়ে বের হলেন- জানতে চাইলে তার জবাব, “কাজ না করলে পেটে খাবার জুটবে না। সে কারণে ঝুঁকি নিয়েই গাড়ি চালাচ্ছি।”
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ভারি যানবাহন চলতে দেখা গেছে। ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।
বন্দরে পণ্য ওঠানো-নামানোও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা। তবে পণ্য পরিবহন বন্ধ রয়েছে।
বিভিন্ন স্কুল-কলেজে কোন ক্লাস-পরীক্ষা হয়নি। তবে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) এলাকায় বিভিন্ন শিল্প কারখানায় কাজ হয়েছে।
এ ছাড়া দেশের সর্ববৃহৎ পাইকারি বাণিজ্যকেন্দ্র খাতুনগঞ্জে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানও ছিল খোলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/১৬১৮ ঘ.
bdnews24