ঝালকাঠী, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঝালকাঠীর রাজাপুর উপজেলায় ঝড়ে ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে এক নারীর মুত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেনু বেগম (৫০) ওই গ্রামের দিনমজুর মঈন উদ্দিনের স্ত্রী।
স্বামী মঈন উদ্দিন জানান, শনিবার কালবৈশাখী ঝড়ে বাড়ির কাছে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকে। সকালে খাবার পানি আনতে যাওয়ার পথে হাত দিয়ে তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তার স্ত্রী।
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা আবুল খায়ের রাসেল জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠী মর্গে পাঠানো হয়েছে বলে রাজাপুর থানার ওসি মো. তোফাজ্জেল হোসেন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এসইউ/১৬০৯ ঘ.
bdnews24