২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিতে ভর্তুকি অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

“দাতারা কৃষিতে ভর্তুকি কমাতে বলেছিল। আমরা বলেছিলাম, আমরা ভর্তুকি দেবই,” কৃষিপদক প্রদান অনুষ্ঠানে বলেছেন শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 08:38 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীর বিরোধিতা সত্ত্বেও কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখার পক্ষে সরকারের অবস্থান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।। আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবের এক মাস আগে রোববার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি কৃষিজাত পণ্য এবং প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানির ওপরও গুরুত্বারোপ করেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে (বিএডিসি) আরো শক্তিশালী করতে সরকারি পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন, “দাতাদের কথা শুনে বিএডিসি’কে অনেক দুর্বল করে ফেলা হয়েছিল। এর আগের মেয়াদে ক্ষমতায় থাকতে দাতারা কৃষিতে ভর্তুকি কমাতে বলেছিল। আমরা বলেছিলাম, আমরা ভর্তুকি দেবই। আমরা কৃষিতে ভর্তুকি দেবই।” চলতি অর্থবছরে কৃষিতে ভর্তুকি ১০ হাজার কোটি টাকা হতে পারে বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আভাস দিয়েছেন। ভর্তুকি বেশি হলে সরকারের ‘অসুবিধা’ হওয়ার কথা স্বীকার করেও অর্থমন্ত্রী বলেছেন, আগামী বাজেটেও কৃষি খাতে সার ও সেচে ভর্তুকি থাকবে। ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষিক্ষেত্রে অবদানের জন্য মনোনীত ২৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন। কৃষি উন্নয়নে অবদানের জন্য এটাই রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে বলেন, “কৃষি উৎপাদন বাড়িয়ে নিজেদের চাহিদা পূরণ করে তা যেন আমরা বিদেশে রপ্তানি করতে পারি। প্রক্রিয়াজাত খাদ্যও যেন আমরা রপ্তানি করতে পারি।” বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং সবার জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি। এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল কর্মসূচির মধ্যে এই অনুষ্ঠানে শেখ হাসিনা এ বিষয়ে কোনো কথা বলেননি। বক্তব্যের শুরুতে কৃষি পুরস্কার বিজয়ীদের শুভেচ্ছা জানান তিনি। কৃষকদের উৎসাহিত করতে ও উন্নয়নে ১৯৭৩ সালে তহবিল গঠন করে জাতীয় পর্যায়ে কৃষি উন্নয়নে বঙ্গবন্ধুর রাষ্ট্রপতির পুরস্কার চালু করার বিষয়টি শেখ হাসিনা উল্লেখ করেন। বর্তমান সরকারকে কৃষি ও কৃষকবান্ধব সরকার হিসাবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা খাদ্য নিরপাত্তা নিশ্চিত করব। আমাদের লক্ষ্য ২০১৩ সালের মধ্যে খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা।” মহাজোট সরকার দায়িত্ব গ্রহণের পর নন-ইউরিয়া সারের দাম তিন দফা কমানোর কথা উল্লেখ করে তিনি বলেন, “এখন সার কৃষকের পেছনে ছুটছে। এজন্য আমি মাননীয় কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানাই।” কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এবং পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। রাসায়নিক সার, বিদ্যুৎ, সেচ কাজে ব্যবহৃত ডিজেল এবং আখ চাষীদের সহায়তার জন্য চলতি অর্থবছরে ভর্তুকি বাবদ ৬ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখার বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ২৫ শতাংশ কম মূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এজন্য প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।” প্রধানমন্ত্রী আরো বলেন, বিদ্যুৎচালিত সেচ যন্ত্রে বিদ্যুৎ বিলের ওপর শতকরা ২০ ভাগ হারে ছাড় দেওয়া হচ্ছে। সেচ কাজে রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। কৃষি গবেষণার ওপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, পাটের জীবন রহস্য উন্মোচনের মাধ্যমে বর্তমান সরকার কৃষি গবেষণায় যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। পুরস্কার পেলেন যারা কৃষিতে মহিলাদের অবদানের জন্য নরসিংদীর রায়পুরার সাদিকুন নাহার শিউলী; মানসম্পন্ন বীজ উৎপাদন, সংরক্ষণ, বিতরণ ও সেচের আওতা বৃদ্ধির জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি); নতুন ফল, সবজি ও প্রযুক্তি উদ্ভাবনের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র; কৃষি স¤প্রসারণে অবদানের জন্য সুনামগঞ্জের এস এম আফসারুজ্জামান স্বর্ণ পদক পেয়েছেন। তারা ২৫ গ্রাম ওজনের একটি সোনার পদক, ২৫ হাজার টাকা এবং একটি সম্মাননাপত্র পেয়েছেন। কৃষি উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ, প্রকাশনা ও প্রচারণামূলক কাজের জন্য বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির কৃষি বিজ্ঞান বিভাগের পরিচালক এ কে এম জাকারিয়া; কৃষি গবেষণায় অবদানের জন্য গাজীপুরের ডাল ও তৈলবীজ গবেষণা কেন্দ্রের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা দোলেয়ার হোসেন (মরণোত্তর); কৃষিতে মহিলাদের অবদানের জন্য রংপুরের আনিসা বেগম; প্রকাশনা ও প্রচারের জন্য শরীয়তপুরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মফিজুল ইসলাম; কৃষি সম্প্রসারণে অবদানের জন্য রংপুরের পীরগঞ্জের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জয়নাল আবেদিন এবং কুমিল্লার বুড়িচংয়ের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মামুনুর রশীদ; ফল চাষে সফলতার জন্য গাইবান্ধার সাঘাটা উপজেলার মো. সুজাউদ্দৌলা রৌপ্য পদক পেয়েছেন। তাদের সবাই ২৫ গ্রাম ওজনের একটি রুপার পদক, ১৫ হাজার টাকা এবং একটি সম্মাননাপত্র পেয়েছেন। গুণগত মানের মাছের পোনা উৎপাদনে জন্য ময়মনসিংহের এ কে এম নুরুল হক, বাণিজ্যিক ভিত্তিতে বনায়নের জন্য চাঁদপুরের নেছার আহম্মদ ও হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ব্যবস্থাপক এ বি এম নাছিমুজ্জামান; কৃষি সম্প্রসারণে অবদানের জন্য গাইবান্ধার মো. শওকত আলী; জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কৃষি কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আক্কাস আলী এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল আলম; সমন্বিত খামার ব্যবস্থার জন্য নোয়াখালীর মো. সাহেদুর রহমান; কৃষিতে নারীদের অবদানের জন্য ঢাকার মোসাম্মৎ আনোয়ারা ও পাবনার নুরুন্নাহার বেগম, সমন্বিত কৃষিভিত্তিক খামার স্থাপনের জন্য মৌলভীবাজারের আশীষ কুমার পাল; কৃষিতে উল্লেখযোগ্য অবদানের জন্য লক্ষ্মীপুরের নিজাম উদ্দিন ফারুকী; বাণিজ্যিকভিত্তিক মাছ চাষের জন্য পাবনার মো. হাবিবুর রহমান; ছাগল পালনের জন রাজশাহীর মো. মিজানুর রহমান; কৃষি গবেষণার অবদানের জন্য সিলেটের দক্ষিণ সুরমার মো. আবুল মিয়া; কৃষিতে প্রযুক্তি হস্তান্তরে সাফল্যের জন্য সাতক্ষীরার উপ-সহকারী কৃষি কর্মকর্তা রঘুজিত কমার গুহ; সমাজ উন্নয়ন ও বনায়নের জন্য যশোরের মোকাররম হোসেন ব্রোঞ্জ পদক পেয়েছেন। তারা সবাই ২৫ গ্রাম ওজনের একটি ব্রোঞ্জের পদক, সাড়ে সাত হাজার টাকা এবং একটি সম্মাননাপত্র পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪৩৪ ঘ.