২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে বিএনপিকর্মী নিহত

হরতালের আগের রাতে লক্ষ্মীপুর সদরে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ এক বিএনপিকর্মী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 06:51 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

লক্ষ্মীপুর, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের আগের রাতে লক্ষ্মীপুর সদরে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ এক বিএনপিকর্মী নিহত হয়েছে। নিহত পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলম খোকন (৪৫) রশিদপুর গ্রামের মুকবুল আহমেদের ছেলে। শনিবার রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারে সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়ার পর খোকন হাসপাতালে মারা যান বলে জানায় পুলিশ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু অভিযোগ করেন, রাত ১০টার দিকে হরতালের সমর্থনে পোদ্দার বাজারে বিএনপি-জামায়াত একটি মিছিল বের করে। এসময় আওয়ামী লীগের কর্মীরা মিছিলে গুলি চালালে খোকন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুলিবিদ্ধ জামায়াতকর্মী মোস্তাফা কামালকে (৫০) নোয়াখালী জেনারেল হাসপাতালে ও মিজানকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান বিএনপি নেতা। সদর থানার ওসি গোলাম ছরোয়ার জানান, বিএনপি-জামায়াতের মিছিলে গুলি হলে খোকন গুরুতর আহত হয়। পরে তিনি হাসপাতালে মারা যান। লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে বলে জানান ওসি। বশিকপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জেহাদী জানান, রাতে টুপি মাথায় দিয়ে হঠাৎ একটি মিছিল বের হলে আওয়ামী লীগ লোকজন তাদের ধাওয়া দেয়। পরে বিএনপি নেতা-কর্মীরা জড়ো হয়ে এলোপাতাড়ি গুলি চালালে খোকন মারা যান বলে দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১২৫৩ ঘ.