২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী-সন্তানের সামনে ব্যবসায়ীকে খুন

মাদারীপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, যার দুই ভাই আট বছর আগে একই কায়দায় খুন হয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 04:55 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

মাদারীপুর, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে এক ব্যবসায়ীকে স্ত্রী ও সন্তানের সামনে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার পূর্ব মাদ্রা গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত কাঠ ব্যবসায়ী মনির চৌকিদার (৪২) পূর্ব রাজারচর গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী-সন্তান নিয়ে পাশের গ্রামে দাওয়াত খেতে গিয়েছিলেন। মনির হত্যাকাণ্ডের জন্য চরমপন্থী সংগঠন সর্বহারা পার্টি দায়ী বলে পুলিশের ধারণা। আট বছর আগে মনিরের দুই ভাইকেও একইভাবে হত্যা করা হয়। ওই ঘটনার পর মনির সর্বহারা পার্টির কয়েক সদস্যের বিরুদ্ধে মামলা করেছিলেন। মাদারীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনির চৌকিদার তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে এক আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে পূর্ব মাদ্রা গ্রামে দুর্বৃত্তদের কবলে পড়েন। নিহতের স্ত্রী চম্পা বেগম বলেন, “পূর্ব মাদ্রা এলাকায় আসতেই একদল সন্ত্রাসী আমাদের আটকায়। তারা আমার স্বামীকে কুপিয়ে ও গুলি করে ফেলে রাখে। আমাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে।” ওসি জানান, ২০০৩ সালের ১৩ মার্চ রাতে পুলিশের বেশ ধরে মনির চৌকিদারের দুই ভাই নজরুল চৌকিদার ও তাইজুল চৌকিদারকে ডেকে নিয়ে হত্যা করেছিল চরমপন্থীরা। সর্বহারা পার্টির কয়েকজন সদস্যের বিরুদ্ধে তখন মনির মামলা করলে ২০১১ সালের ১১ জুলাই মাদারীপুরের আদালত ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে আসামিরা। আসামিদের কয়েকজন আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে এলাকায় অবস্থান করছেন। ওসি বলেন, পুরনো হত্যাকাণ্ডের জের ধরে মনিরকে খুন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৫৫ ঘ.