ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা কলেজে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই পক্ষে গোলাগুলিতে অন্তত তিন ছাত্র আহত হয়েছে।
রোববার ভোররাতে এসএস হোস্টেল ও নর্থ সাইথ হোস্টেলে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানায়। ওই সময় ছাত্রাবাসের কয়েকটি কক্ষও ভাংচুর হয়।
আহতরা হলেন- জনি আহম্মেদ (২০), আকাশ (২২) ও তারেক (২৫)।
ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রলীগ নেতা টিটু এবং তারেকের অনুসারীদের মধ্যে এই গোলাগুলি হয়।
জনি ও আকাশ গুলিতে আহত হন, তারেক পায়ে আঘাত পেয়েছেন। জনির পায়ে এবং আকাশের পিঠে একটি করে গুলি লেগেছে।
আহত তিন জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/০৯১৫ ঘ.
bdnews24