২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মক্ষেত্রে দুর্ঘটনা এক দশকে নিহতের সংখ্যা বেড়েছে ৩ গুণ

ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশ, অবহেলাজনিত কারণে দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি না হওয়া, যৎসামান্য ক্ষতিপূরণ এবং আইনি দুর্বলতায় প্রতিবছর নিহতের সংখ্যা বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মামুনুর রশীদের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 11:09 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেশাগত দুর্ঘটনা এবং সহিংসতায় গত দশ বছরে কর্মক্ষেত্রে শ্রমজীবী মানুষের নিহত হওয়ার সংখ্যা বেড়েছে প্রায় তিনগুণ। বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) দেওয়া তথ্য অনুসারে ২০০১ সালে কর্মক্ষেত্রে নিহত শ্রমজীবী মানুষের সংখ্যা ছিলো ৩০১ জন। ২০১১ সালে এই সংখ্যা ৮৭৯ জনে এসে দাঁড়িয়েছে। আর আহত হয়েছেন অথবা পঙ্গু হয়েছেন প্রায় এক হাজার ২৩৫ জন শ্রমিক। বিলসের তথ্য অনুযায়ী, এই এক দশকে ২০০৬ সালে সর্বোচ্চ ৯৭৪ জন মারা গেছে। এছাড়া ২০০২ সালে ১৬৮ জন, ২০০৩ সালে ২৫১ জন, ২০০৪ সালে ১৮৮ জন, ২০০৫ সালে ৪৮০ জন, ২০০৭ সালে ৪৬৫ জন, ২০০৮ সালে ৫৪৭ জন, ২০০৯ সালে ৩৭৮ জন এবং ২০১০ সালে ৭০৩ জন নিহত হয়। সরকারের কারখানা পরিদর্শকের কার্যালয়ের লোকবল সঙ্কট, ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশ, অবহেলাজনিত কারণে সংঘটিত দুর্ঘটনাগুলোর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি না হওয়া, যৎসামান্য ক্ষতিপূরণ এবং আইনি দুর্বলতা ইত্যাদি কারণে প্রতিবছর নিহতের সংখ্যা বেড়েই চলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিলস এর মহাসচিব এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি হিসাবে বরাবরই নিহতের সংখ্যা কম দেখানো হয়। আর যেহেতু ক্ষতিপূরণের বাধ্যবাধকতা রয়েছে, তাই মালিকপক্ষের দিক থেকেও দুর্ঘটনার বিষয়গুলো ধামাচাপা দেয়ার প্রবণতা থাকে।” বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে হতাহতদের এ সংখ্যা পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, “প্রকৃতপক্ষে সংখ্যাটা আরো বেশি। কারণ প্রত্যন্ত অঞ্চলের দুর্ঘটনাগুলোর সংবাদ অনেক সময় গণমাধ্যমে আসে না এবং তা সাধারণের গোচরের বাইরেই থেকে যায়।” বিলসের সহকারী নির্বাহী পরিচালক সুলতানউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারের কারখানা পরিদর্শকের কার্যালয়ের লোকবল সঙ্কটের কারণে কারখানার ঝুঁকিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করাটা অনেকক্ষেত্রেই সম্ভব হয়ে উঠছে না। কারখানা পরিদর্শকের কার্যালয়ে কর্মরত মোট পরিদর্শক ১০০ জন। এর মধ্যে দোকান ও প্রতিষ্ঠানের জন্য ৬০ জন আর কারখানাগুলোর জন্য ৪০ জন পরিদর্শক আছে। এছাড়া আইনি দুর্বলতার দিকটি উল্লেখ করে তিনি বলেন, “শ্রম আইন ২০০৬ এর বেশিরভাগ ধারা নেওয়া হয়েছে ১৯৬৫ সালের স্বাস্থ্য ও নিরাপত্তা সংশ্লিষ্ট কারখানা আইন থেকে। ৬৫ সালের আইনটি মূলত পাট এবং টেক্সটাইলভিত্তিক হওয়ায় এটি বর্তমানের নির্মাণ শিল্প, রাসায়নিক শিল্প, গার্মেন্টস শিল্প কিংবা গ্রামে গঞ্জে গড়ে ওঠা অনেক ছোট ছোট কারখানাকে কাভার করতে পারেনি।” কারখানার অনিরাপদ পরিবেশ সম্পর্কে বিলস মহাসচিব বলেন, “জাহাজভাঙা শিল্পে দেখা যায় শ্রমিকের বুটজুতা নেই, ওয়েল্ডিং এর জন্য সেফটি গ্লাস নেই, আর রাসায়নিক পার্শ্বপ্রতিক্রিয়ায় রোগাক্রান্ত হলে চিকিৎসার ব্যবস্থা নেই। নেই সচেতন করার উদ্যোগ।” কারখানা শ্রমিকদের বাইরে অপ্রাতিষ্ঠানিক যেমন গৃহশ্রমিকের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “বিপুল পরিমান গৃহশ্রমিক নির্যাতনের শিকার হয়ে আহত, নিহত বা রোগাক্রান্ত হচ্ছেন অথচ এর সঠিক কোনো পরিসংখ্যান আমাদের কাছে নেই।” সঙ্কট উত্তরণে তাই তিনি কারখানা পরিদর্শকের কার্যালয়ের লোকবল বাড়ানো, প্রযুক্তির উন্নয়ন, ক্ষতিপূরণের পরিমান বাড়ানো, অবহেলাজনিত দুর্ঘটনার জন্য শাস্তির ব্যবস্থা নেওয়া, অতীতের বড় দুর্ঘটনাগুলোর তদন্ত রিপোর্ট প্রকাশ ও শাস্তি নিশ্চিত করা, পেশাগত রোগ নির্ণয়ে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা করা ইত্যাদির ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেন। বিশ্ব নিরাপদ কর্মস্থল দিবসের সভা পেশাগত দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে আইএলও ঘোষিত ‘বিশ্ব নিরাপদ কর্মস্থল দিবস’ উপলক্ষে বিলসের আয়োজনে শনিবার সকালে দুর্ঘটনায় আহত বিভিন্ন শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। কাজ করতে গিয়ে পেশাগত কারনে আহত পঙ্গু শ্রমিকদের কর্মক্ষম করার লক্ষ্যে প্রতিষ্ঠিত কল্যাণপুরে বিলস ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্রে আয়োজিত এই সভায় কয়েকজন শ্রমিককে নকল পা ও সেলাই মেশিন সরবরাহ করা হয়। সেমিনারে বলা হয়, এখানে অক্টোবর ২০১১ থেকে এ পর্যন্ত মোট ৮২ জন নারী পুরুষকে বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা প্রদানের পাশাপাশি ১৪ জনের কৃত্রিম হাত-পা প্রতিস্থাপন করা হয়েছে। এছাড়া এখানে বিকল্প কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ ও উপকরণ প্রদানের কাজও চলছে। বিলস মহাসচিব নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম নেতা জাফরুল হাসান, জাতীয় শ্রমিক লীগ সভাপতি আব্দুল মতিন মাস্টার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসইউ/১৬৫২ ঘ.