ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে ধূমপায়ীদের সংখ্যা কমাতে নির্বাচনী প্রচারণার সময় তামাকজাত পণ্য ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত।
তিনি মনে করেন, জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে তামাক সেবনকারীর সংখ্যা সবচেয়ে বেশি বাড়ে।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে প্রাণ গোপাল বলেন, “বাংলাদেশে নতুন নতুন ধুমপায়ীর সংখ্যা বাড়ার প্রধান কারণ হলো নির্বাচনের সময় বিনা পয়সায় তামাকজাত পণ্য সরবরাহ করা। নির্বাচনে বিড়ি, সিগারেট, পান, জর্দা বিনামূল্যে দেওয়া একরকম রেওয়াজে পরিণত হয়েছে। যারা এসব সেবন করতেন না, তারাও ভোটের আমেজে প্রথমবারের মতো তা সেবন করেন এবং পরবর্তীতে আসক্ত হয়ে পড়েন।”
তামাকজাত পণ্যের ব্যবহার বাড়ায় স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে উল্লেখ করে উপাচার্য বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে যাতে তামাকজাত পণ্যের ব্যবহার না বাড়ে সেজন্য নির্বাচনী আচরণবিধির মাধ্যমে এর ব্যবহার নিষিদ্ধ করতে হবে।”
নির্বাচন কমিশনের নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে, প্রার্থীরা তাদের নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনও ধরণের উপহার, খাদ্য ও পানীয় দিতে পারবে না। তবে তামাকজাত পণ্যের বিষয়ে নির্দিষ্ট করে কিছু উল্লেখ নেই।
‘তামাক ধ্বংস করছে আমাদের অর্থনীতি’ শীর্ষক সেমিনারে বিশ্বের বিভিন্ন দেশের তামাকজাত পণ্যের ব্যবহার সংখ্যা ও এর ফলে সৃষ্ট রোগের বিষয়ে তথ্য উপাত্ত তুলে ধরে প্রাণ গোপাল দত্ত বলেন, “বিশ্বের উন্নত দেশগুলোতে ধূমপায়ীর সংখ্যা কমে যাচ্ছে, আর বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে এ সংখ্যা বাড়ছে।”
“তামাকজাত পণ্য ব্যবহারের কারণে বিশ্বে প্রতিবছর ৫৪ লাখ মানুষ মারা যায়”, যোগ করেন তিনি।
প্রাণ গোপাল বলেন, তামাক এত ভয়াবহ হওয়ার পরও এর ব্যবহার কমানো যাচ্ছে না। তার কারণ, তামাক কোম্পানিগুলো সারা বিশ্বে প্রতিবছর প্রচার বাবদ খরচ করে প্রায় ১০ বিলিয়ন ডলারের মতো। আর তামাকবিরোধী প্রচার হয় মাত্র ১০ মিলিয়ন ডলারের মতো।
এখানে সরকারও কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৬১২ ঘ.
bdnews24