ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা, যশোর, বরিশাল, খুলনা এবং বাগেরহাটে ঝড়ের সময় বজ্রপাতে ও দেয়াল চাপা পড়ে ১০ জন নিহত হয়েছে।
এ সময় অন্তত ১৮ জন আহত হয়।
জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত:
সাতক্ষীরা: সাতক্ষীরা সদর, আশাশুনি, পাটকেলঘাটা ও দেবহাটা উপজেলায় ঝড়ের সময়ে বজ্রপাতে ও দেয়াল চাপা পড়ে পাঁচ জন নিহত হয়েছে। এ সময় অন্তত ১২ জন আহত আহত হয়।
সদর থানার ওসি আসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকালে সদর উপজেলায় দেবনগর গ্রামের এক মাঠে বজ্রপাতে আহত হন দেবনগর গ্রামের জালাউদ্দিনের ছেলে আব্দুল হান্নান (২৮)। সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশাশুনি থানার ওসি আব্দুল বারি জানান, উপজেলার বেওলা গ্রামের বাড়ির পাশের মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান গৃহবধূ রঞ্জিতা বেগম (৩০)।
পাটকেলঘাটা থানার ওসি আক্তারুজ্জামান জানান, তালা উপজেলার চোমরখালী গ্রামের মাঠে কাজ করার সময় ওই গ্রামের আরিফ মোড়লের ছেলে আব্দুল জব্বার (৩৮) বজ্রপাতে নিহত হন।
এ সময় তার পাশে থাকা একই গ্রামের আনসার মোড়ল নামে আরেক কৃষক আহত হন।
দেবহাটা থানার ওসি আবু দাউদ জানান, দেবহাটা উপজেলার পাটনার বিলে কাজ করার সময় উপজেলার চিলেডাঙ্গা গ্রামের ইদ্রিস আলীর ছেলে নাজমুল হোসেন (২৫) বজ্রপাতে মারা যান।
ওসি আবু দাউদ আরো জানান, উপজেলার নোড়ার চারকুনি এলাকায় ঝড়ের সময়ে ওয়াদুদের স্ত্রী ফরিদা বেগম (৪৫) দেয়াল চাপা পড়ে নিহত হন।
এছাড়া উপজেলার চাঁদপুর হাইস্কুলের দুই ছাত্রও বজ্রপাতে আহত হয়েছে। তাদের দেবহাটার সখিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় নোড়ার চারকুনি এলাকার একটি মাঠে কর্মসৃজন প্রকল্পের কাজ করার সময় বজ্রপাতে আরো নয়জন আহত হয়েছে।
বাগেরহাট: শনিবার সকালে ঝড়ের সময় বাগেরহাট সদরে ঘরে দেয়াল ধসে ও ফকিরহাট উপজেলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে।
বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক মোশারেফ হোসেন জানান, শনিবার সকালে বৃষ্টির সময়ে বাগেরহাট শহরের বিসিক শিল্প নগরী এলাকায় ইটের নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে সদর উপজেলার গোবরদিয়া গ্রামের মৃত হামেজ উদ্দিনের ছেলে কালাম হাওলাদার (৫২) নিহত হন।
ফকিরহাট থানার ওসি লিয়াকত হোসেন জানান, ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের কাঁঠালিডাঙ্গা গ্রামের আমজাদ তালুকদারের ছেলে মো. সেলিম তালুকদার (২৮) নিজের বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন।
বেনাপোল: যশোরের শার্শায় শনিবার সকালে বজ্রপাতে এক যুবক নিহত ও এক কৃষক মারাত্মক আহত হয়।
শার্শার বাগআচড়া ইউনিয়ন পরিষদের বসতপুর ওয়ার্ডের মেম্বার ডা. আহম্মদ আলি জানান, শনিবার সকালে শরিফপুর মাঠে ধান কাটার সময় শার্শা উপজেলার বসতপুর দু’নম্বর কলোনির আয়জোদ্দির ছেলে সুমন নিহত (২২) হন।
একই সময়ে বসতপুর পূর্বপাড়ার আব্দুল মজিদের ছেলে মিজানুর রহমান (৪০) নিজ জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মারাতœক ভাবে আহত হন।
বরিশাল: উজিরপুর থানার এসআই নাসির উদ্দিন জানান, উপজেলার সাতলা গ্রামের সোহরাব মিয়ার ছেলে রুবেল (১২) ও সুমন জমি থেকে ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হয়। তাদেরকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করে।
আহত সুমন চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান।
খুলনা: খুলনায় ঝড়ের সময় বজ্রপাতে খুলনায় এক কলেজ ছাত্র নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
নৌ-বাহিনী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ক্যাপ্টেন আকবর জানান, একাদশ শ্রেণীর (বিজ্ঞান) দ্বিতীয় বর্ষের ছাত্র নাসিম উল গনি তার বন্ধু সরকারি মহিলা কলেজের একই বর্ষের ছাত্রী ফারহানা শাম্মির সঙ্গে বিএল কলেজের পাশে দাঁড়িয়ে গল্প করার সময় বজ্রপাত ঘটনাস্থলেই মারা যান নাসিম। আহত অবস্থায় শাম্মিকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
এদিকে একই সময় বজ্রপাতে খুলনার দাকোপ উপজেলার চালনা আবুল হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের চার ছাত্রী শম্পা মণ্ডল, লাবনী বিশ্বাস, সাথী মণ্ডল ও পল্লবী হালদার আহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এইচএএইচ/এসইউ/১৯১৮ ঘ.
bdnews24