গাজীপুর, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রশিক্ষিত চালক সড়ক দুর্ঘটনা রোধে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন ‘নিরাপদ সড়ক চাই’ এর চেয়ারম্যান ও চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
তিনি বলেন, “একজন চালক সচেতন হলে দেশে শতকরা ৬০ ভাগ সড়ক দুর্ঘটনা কমে যাবে। এজন্য প্রশিক্ষণের বিকল্প নেই।”
শনিবার দুপুরে তিনি গাজীপুর পৌর বাস টার্মিনালে দুই দিনব্যাপী ‘সড়ক দুর্ঘটনা হ্রাসে র্যালি ও প্রশিক্ষণ সেমিনার-২০১২’ -এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আলোচকের বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি দেশে সড়ক দুর্ঘটনা রোধে প্রতিটি জেলায় চালকদের প্রশিক্ষণের জন্য সরকারের কাছে ‘ট্রেনিং ইনিস্টিটিউট’ স্থাপনের দাবি জানান। এজন্য চালকদের প্রয়োজনীয় ঋণ প্রদানের প্রস্তাবও জানান।
গাজীপুর জেলা প্রশাসন ও বিআরটিএর যৌথ আয়োজনে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বিআরটিএর চেয়ারম্যান মো. আইয়ুবুর রহমান খান, পরিচালক মশিউর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এসইউ/১৫৪০ ঘ.
bdnews24