বরিশাল, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী উপজেলার একটি বাজারে আগুন লেগে দশটি দোকান পুড়ে গেছে।
শুক্রবার ভোররাতে উপজেলার বার্থী ইউনিয়নের রাজাপুর বাজারের এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভাতে গিয়ে গ্রামবাসী ও ব্যবসায়ীসহ অন্তত ১৫ জন আহত হন।
বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান প্যাদা জানান, ভোর রাত সোয়া ৪টার দিকে বাজারের আব্দুল আজিজের হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
এতে মোবাইল ফোনের যন্ত্রাংশ, মুদি দোকান, ফার্মেসি, খাবার হোটেল ও সেলুনসহ ১০টি দোকান পুড়ে যায় বলে জানান তিনি।
গৌরনদী ফায়ার সাভির্সের স্টেশন ইনচার্জ গোলাম মোস্তফা জানান, এলাকাবাসী ও অগ্নি নির্বাপক কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন নেভাতে গিয়ে আহত ফারুক সরদার, সাইদুর রহমান, শাওন, আবু কালাম, বাবুল হাওলাদার, মাইনুল বেপারীসহ ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাজারের ব্যবসায়ীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৬৪৫ ঘ.
bdnews24