নারায়ণগঞ্জ, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বখাটের হাতে খুন হয়েছেন এক বাবা।
নিহত হালিম মিয়া (৫৫) অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার বড়ালু পাড়াগাঁওয়ে তার ওপর হামলার ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি সাহিদুর রহমান জানান, বড়ালু পাড়াগাও এলাকার হালিম মিয়ার কলেজ পড়–য়া মেয়ে মাহমুদা আক্তারকে প্রায়ই উত্যক্ত করতো একই এলাকার আব্দুর রফিকের বখাটে ছেলে লিটন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বখাটে লিটন হালিম মিয়ার বাড়িতে গিয়ে তার মেয়ে মাহমুদাকে বিয়ের প্রস্তুাব দেয়।
হালিম মিয়া বখাটে লিটনের কাছে মেয়ে বিয়ে দিতে অস্বীকৃতি জানালে লিটন ধারালো অস্ত্র দিয়ে হালিম মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় বলে জানান ওসি।
আশপাশের লোকজন গুরুতর আহত হালিম মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার নরসিংদী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/পিডি/০১০১ ঘ.
bdnews24