ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যাকাণ্ডের আড়াই মাস পর রাসায়নিক পরীক্ষার জন্য সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির মরদেহ কবর থেকে তুলে মর্গে পাঠিয়েছে র্যাব।
বৃহস্পতিবার সকাল ১০ টা ২০ মিনিটে নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুজ্জামানের উপস্থিতিতে আজিমপুর গোরস্তানে লাশ তোলা শুরু হয়। পৌনে ১১টার দিকে সাগরের লাশ তোলার পর তার স্ত্রী রুনির মরদেহ তোলা হয় ১০টা ৫৩ মিনিটে।
বেলা সাড়ে ১১টা নাগাদ লাশ দুটি নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
র্যাব কর্মকর্তা, ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক, কবরস্থান কর্তৃপক্ষ ও সংবাদ মাধ্যমের কর্মীরা ছাড়াও কয়েকশ’ মানুষ এসময় সেখানে উপস্থিত ছিলেন।
গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছারাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। ওই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলাও করেন রুনির ভাই।
এ পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় এবং হত্যার কারণ জানতে না পারার পর হাই কোর্ট ক্ষোভ প্রকাশ করে পুলিশের দক্ষতা নিয়েও প্রশ্ন তোলে। এরপর র্যাবকে দায়িত্ব দিয়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে এ মামলার তদন্ত শেষ করার নির্দেশ দেয় হাই কোর্ট।
আদালতের আদেশে দায়িত্ব নেওয়ার পর গত মঙ্গলবার ভিসেরা ও রাসায়নিক পরীক্ষার জন্য কবরে থেকে সাগর-রুনির লাশ তোলার আবেদন করে র্যাব।
ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা এ ব্যাপারে অনুমতি দিলে নির্বাহী হাকিম শহীদুজ্জামানকে লাশ তোলার বিষয়টি তদারক করার দায়িত্ব দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে আজিমপুর কবরস্থানে উপস্থিত র্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক এম সোহায়েল সাংবাদিকদের বলেন, “তদন্তকারী সংস্থা অনেক প্রশ্ন করেছেন। তা জানার জন্য (মরদেহের) পরীক্ষা করা হবে। যদি পর্যাপ্ত প্রযুক্তি দেশে না থাকে তাহলে বাইরে পাঠানো হবে।”
এর আগে তিনি বলেছিলেন, হত্যার আগে সাগর-রুনিকে কিছু খাওয়ানো হয়েছিল কি না তা জানতেই আদালতে লাশ তোলার আবেদন করেছে র্যাব। হত্যাকাণ্ডের পর সাগর-রুনির ময়নাতদন্ত করা হলেও তখন ভিসেরা পরীক্ষা হয়নি।
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. মোখলেসুর রহমান, সহকারী অধ্যাপক ডা. কামরুল হাসান ও প্রভাষক ডা. পারভেজ ইফতেখার আহম্মেদও লাশ তোলার সময় কবরস্থানে উপস্থিত ছিলেন।
ডা. পারভেজ ইফতেখার সাংবাদিকদের বলেন, দাফন করার আড়াই মাস পর মৃতদেহ কী অবস্থায় আছে তা দেখেই বলতে হবে আলামত কেমন অবস্থায় আছে।
তবে র্যাবের ফরেনসিক কর্মকর্তা শফিকুল ইসলাম বলছেন, মরদেহ পলিথিনে মোড়ানো থাকায় আলামত ভালো অবস্থাতেই পাওয়া যাবে বলে আশা করছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/প্রতিনিধি/জেকে/১২১০ ঘ.
bdnews24