ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল আলীমের ‘যুদ্ধাপরাধের’ ২৮টি ঘটনার মধ্যে ১৯টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন।
দ্বিতীয় ট্রাইব্যুনালে মঙ্গলবার দুটি এবং বুধবার ১৭টি ঘটনা তুলে ধরা হয়। বৃহস্পতিবার বাকি ঘটনাগুলো তুলে ধরা হবে।
একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় আলীমের বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়।
বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে ঘটনাগুলো তুলে ধরেন প্রসিকিউটর রানা দাসগুপ্ত।
তবে ১৯টি ঘটনার মধ্যে ২টি ছাড়া বাকি ঘটনার স্থানের বিষয়ে স্পষ্ট না থাকায় ট্রাইব্যুনাল এ বিষয়টি প্রসিকিউশনের দৃষ্টিতে আনেন।
প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, “আগামীতে এ বিষয়ে স্পষ্ট করে বলা হবে।”
এদিন শুনানির শুরুতে জিয়ার আমলের মন্ত্রী আলীম উপস্থিত থাকলেও ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে মধ্যাহ্ন বিরতির পর তিনি এজলাস ছাড়েন।
গত ২৭ মার্চ আলীমের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরে মামলাটি বর্তমান ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়।
জয়পুরহাটের এই সংসদ সদস্যের বিরুদ্ধে ৩ হাজার ৯০৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের ২৮টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে গত বছর ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেপ্তার করা হয়। ৩১ মার্চ অশীতিপর এই ব্যক্তিকে ১ লাখ টাকায় মুচলেকা এবং ছেলে ফয়সাল আলীম ও আইনজীবী তাজুল ইসলামের জিম্মায় জামিন দেয় ট্রাইব্যুনাল। এরপর বেশ কয়েক দফা এই জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/০০০৫ ঘ.
bdnews24