২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রীয় শিল্প শ্রমিক আইনের খসড়া অনুমোদন

রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করতে আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2012, 10:00 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করতে আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বুধবারের বৈঠকে ‘পণ্য উৎপাদনশীল রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক (চাকুরির শর্তাবলী) আইনের এই খসড়া প্রয়োজনীয় সংশোধনীসহ অনুমোদন পায়। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জাানন, অনুমোদিত খসড়াটি সংশোধন ও প্রয়োজনীয় মতামত (ভেটিং) নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আপাতত সংসদের অধিবেশন না থাকায় আইন মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর অধ্যাদেশ আকারে তা জারি করা হবে। সচিব জানান, গত ২৯ মার্চ মন্ত্রিসভা রাষ্ট্রায়ত্ব শিল্প-কারখানার শ্রমিকদের জন্য একটি নতুন মজুরি কাঠমো নির্ধারণ করে। ওই কাঠামো বাস্তবায়নের জন্যই এ নতুন আইন হচ্ছে। বুধবারের বৈঠকে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) (সংশোধন) আইনের খসড়াও অনুমোদন করা হয়েছে বলে জানান তিনি। রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক (চাকুরির শর্তাবলী) আইন রাষ্ট্রায়ত্ব শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকের জন্য তৈরি নতুন মজুরি কাঠামোতে সর্বোচ্চ পাঁচ হাজার ৬০০ টাকা এবং সর্বনিু চার হাজার ১৫০ টাকা মূল বেতন ধরা হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, শ্রমিকরা ২০০৯ সালের ১ জুলাই থেকে এই নতুন কাঠামোতে বেতন ও অন্যান্য সুবিধা পাবেন। তবে এসব সুবিধা তাদের দেওয়া হবে চার কিস্তিতে। শ্রমিকরা নতুন কাঠামোর বকেয়া বেতনের প্রথম কিস্তি পাবেন আগামী সেপ্টেম্বর মাসে, দ্বিতীয় কিস্তি আগামী ২০১৩ সালের মার্চ, তৃতীয় কিস্তি একই বছরের জুলাইয়ে এবং চতুর্থ কিস্তি ডিসেম্বরে পাবেন। মূল বেতন ছাড়াও বাড়িভাড়া ৫০ শতাংশ, চিকিৎসা ভাতা ৭০০ টাকা, টিফিন ১৫০ টাকা, ধোলাই ভাতা ১৫০ টাকা, শিক্ষা সহায়ক ভাতা, দুটি উৎসব ভাতা ও গ্রাচ্যুইটিসহ অন্য সুযোগ-সুবিধা কাঠামো অনুযায়ী পাবেন শ্রমিকরা। এ আইনের ব্যাপারে শ্রমিকদের আপত্তির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “শ্রমিকদের দাবির বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়নি। তবে নতুন এ আইনের কারণে তাদের কোনো অধিকার খর্ব হবে না। বরং তাদের অধিকার সুরক্ষিত হবে।” নতুন এই মজুরি কাঠামো আইনেও উল্লেখ করা থাকবে কি না জানতে চাইলে সচিব বলেন, এটি কখনোই আইনে উল্লেখ করা থাকে না। তবে এ আইনের আলোকেই এ কাঠামো চূড়ান্ত ও ঘোষণা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/১৫৫৩ঘ.