২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ নেতার ‘হুমকিতে’ শরীয়তপুরে বাস বন্ধ

বিএনপির ডাকে টানা তিন দিন হরতালের পর এবার এক আওয়ামী লীগ নেতার ‘হুমকির’ কারণে শরীয়তপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহিন মালিক ও শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2012, 06:16 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

শরীয়তপুর, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকে টানা তিন দিন হরতালের পর এবার এক আওয়ামী লীগ নেতার ‘হুমকির’ কারণে শরীয়তপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহিন মালিক ও শ্রমিকরা। বুধবার টানা চতুর্থ দিনের মতো বাস বন্ধ থাকায় যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন । শরীয়তপুর জেলা থেকে ঢাকা, মাদারীপুর, ফরিদপুরসহ অন্যান্য গন্তব্যে পৌঁছাতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শরীয়তপুর জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার বলেন, বিএনপির ডাকে গত তিন হরতাল চলাকালে শরীয়তপুরের বাস চলাচল বন্ধ থাকে। এতে ক্ষুব্ধ হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আব্দুর রব মুন্সি মঙ্গলবার বাসস্ট্যান্ডে এসে ‘হুমকি’ দিয়ে যান। “তিনি বলে গেছেন, কেউ বাস চালালে ছাত্রলীগ ও যুবলীগ গাড়ি জ্বালিয়ে দেবে।” এই ‘হুমকির’ পর ‘নিরাপত্তাহীনতার কারণে’ বাস মালিক ও শরীয়তপুর জেলা শ্রমিক ইউনিয়নের যৌথ সিদ্ধান্তে বুধবার সকাল থেকে শরীয়তপুর জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে ফারুক জানান। অবশ্য আব্দুর রব হুমকির অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি বাস বন্ধ করিনি। শ্রমিকরা বিশিষ কোনো মহলের ইঙ্গিতে বাস বন্ধ রেখেছে।” এদিকে তিন দিন হরতালের পর সকালে বাস স্ট্যান্ডে এসেই বিপদে পড়েন যাত্রীরা। শরীয়তপুর বাসস্ট্যান্ডে অপেক্ষারত নাসির উদ্দিন বলেন, “আমি পটুয়াখালী যাওয়ার জন্য স্টান্ডে এসেছিলাম। কিন্তু গাড়ি ছাড়ছে না। হরতালের কারণে গত তিন দিন যেতে পারিনি, আজও পারলাম না।” ঢাকার যাত্রী আফরোজা আক্তারও এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন। শরীয়তপুরের পলিশ সুপার একে এম শহীদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মালিক-শ্রমিকরা বাস বন্ধ রেখেছেন। আইন-শৃংখলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, আমরা সেই চেষ্টা করছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১০১০ ঘ.