ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় দুই দশক আগে ‘রাষ্ট্রপতির ক্ষমা পাওয়া’ এক ব্যক্তিকে ৬ সপ্তাহের মধ্যে কক্সবাজারের সহকারী দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
নিু আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল চেয়ে কক্সবাজারের বিএনপি নেতা সারোয়ার কামালের এক আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ বুধবার এই রায় দেন।
‘পলাতক ব্যক্তি প্রতিকার পেতে পারে না’- এই যুক্তি দেখিয়ে সারোয়ার কামালকে আত্মসমর্পণ করতে বলা হয় আদেশে।
টেকনাফে পিটুনির পর এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ১৯৮১ সালের ২৫ জুলাই সারোয়ার কামালসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা হয়। বিচারিক আদালত ১৯৮৯ সালের ২৬ জুলাই ওই মামলায় সারোয়ারকে ১০ বছরের সাজা দেয়।
কামাল এর বিরুদ্ধে আপিল করলে ১৯৯১ সালের ২৮ অগাস্ট হাই কোর্ট তার আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করে। এরপর কারাগার থেকে বেরিয়ে আসেন কামাল।
ওই আপিল আবেদনের নিস্পত্তি করে ১৯৯২ সালের ৩ সেপ্টেম্বর হাইকোর্ট কামালের দণ্ড কমিয়ে ৮ বছরের সাজা নির্ধারণ করে এবং তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলে।
এর আগেই ১৯৯১ সালের ১৩ জুন রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে একটি আবেদন করেছিলেন কামালের স্ত্রী। ওই আবেদনে ১৯৯৩ সালের ১২ এপ্রিল বিগত বিএনপি সরকারের আমলে রাষ্ট্রপতি কামালের সাজা মওকুফ করে দেন। সে সময় রাষ্ট্রপতি ছিলেন আব্দুর রহমান বিশ্বাস।
এদিকে সাজা কমিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের নথি পাওয়ার পর ১৯৯৭ সালের ৩০ জুন সারোয়ার কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিচারিক আদালত। রাষ্ট্রপতির ক্ষমা পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করলে বিচারিক আদালত তা খারিজ করে দেয়।
এরপর তিনি হাইকোর্টে এক আবেদনে বলেন, রাষ্ট্রপতির ক্ষমা পাওয়ার পরও বিচারিক আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে না। কিন্তু বুধবার সেই আবেদনও খারিজ করে দিল আদালত।
হাই কোর্টে আবেদনকারীর পক্ষে ছিলেন এস এম জাফর সাদিক। সরকারপক্ষে ছিলেন সহাকারী অ্যাটর্নি জেনারেল গাজী মামুনুর রশীদ।
জাফর সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত আমার মক্কেলকে নিু আদালতে আত্মসমর্পণ করতে বললেও যেহেতু তিনি রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন, তাই তাকে মূল দণ্ড ভোগ করতে হবে না। এ ছাড়া হাই কোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করার বিষয়টিও আমরা বিবেচনা করছি।”
গাজী মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত বলেছে, পলাতক আসামিকে ক্ষমা করে প্রেডিসেন্টের দেওয়া আদেশ ছিল আইনের শাসন ও ন্যায় বিচারের পরিপন্থী। এখন আদালতের এই আদেশের ফলে সারোয়ার কামালকে দণ্ড ভোগ করতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৪৪৫ ঘ.
bdnews24