চট্টগ্রাম, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) বেসরকারি অপারেটর নিয়োগের প্রক্রিয়া চলছে।
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ জানিয়েছেন, এজন্য ছয়টি প্রতিষ্ঠানের কাছে দরপত্র বিক্রি করা হয়েছে। যত ‘দ্রুত’ সম্ভব নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।
চট্টগ্রাম বন্দরের ১২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার এক মতবিনিময় সভায় তিনি একথা জানান।
বন্দর প্রশিক্ষণ ইন্সটিটিউটে অনুষ্ঠিত এ সভায় চট্টগ্রাম বন্দরের গতিশীলতা বাড়াতে নেওয়া বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন্বন্দর চেয়ারম্যান।
নিজাম উদ্দিন বলেন, বন্দরের সব পক্ষের সহযোগিতায় জাহাজের গড় অপেক্ষার সময় ও পণ্য ওঠানামার খরচ কমেছে।
“গত অর্থ বছরে বহির্নোঙরে পণ্য নিয়ে আসা প্রতিটি জাহাজকে এক দশমিক ৬২ দিন অপেক্ষা করতে হলেও বর্তমানে তা নেমে এসেছে শূন্য দশমিক ৪১ দিনে। কন্টেইনারবাহী জাহাজের গড় অবস্থানকাল দুই দশমিক ৬৭ দিনের স্থলে নেমেছে শূন্য দশমিক ৫৯ দিনে, বলেন তিনি।
বুধবার চট্টগ্রাম বন্দরের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৮৮৮ সালের এই দিনে বন্দরের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়।
বন্দর চেয়ারম্যান বলেন, সা¤প্রতিক সময়ে বন্দরের বহির্নোঙরের সীমানা আগের সাড়ে ৫ নটিক্যাল মাইল থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭ নটিক্যাল মাইলে। এর ফলে বহির্নোঙরে আরো ৫০টি জাহাজ অবস্থান করতে পারবে।
চট্টগ্রাম বন্দরে শ্রম অসন্তোষ শূন্যের কোটায নেমে এসেছে দাবি করে ভবিষ্যত পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
বন্দর চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানে উন্নীত করতে অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বহির্নোঙরে জাহাজের ওপর নজরদারি বাড়াতে ‘ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ভিটিএমআইএস)’ চালুর প্রক্রিয়া চলছে।
এ ছাড়া কর্ণফুলী কনটেইনার টার্মিনাল নির্মাণে সমীক্ষা প্রকল্প চলছে বলেও জানান তিনি।
বন্দরের ১২টি প্রকল্পের মধ্যে রয়েছে- লালদিয়ার এক কিলোমিটার দীর্ঘ বাল্ক টার্মিনাল নির্মাণ, সিসিটিভি স¤প্রসারণ, ভাসমান ক্রেন সংগ্রহ, বহুতলবিশিষ্ট কার পার্কিং নির্মাণ ইত্যাদি।
মতবিনিময় সভায় বন্দর সদস্য নজরুল ইসলাম, আবদুল হান্নান শেখ, ক্যাপ্টেন আনোয়ারুল হক চৌধুরী এবং ক্যাপ্টেন মো. শাহজাহান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২০০০ ঘ.
bdnews24