২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাভেল এজেন্সির নিবন্ধন ও নবায়ন অনলাইনে

ট্রাভেল এজেন্সিগুলোর নিবন্ধন ও নিবন্ধন সনদ নবায়নে এখন থেকে আর মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে ঘুরতে হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাভেল এজেন্সিগুলোর নিবন্ধন ও নিবন্ধন সনদ নবায়নে এখন থেকে আর মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে ঘুরতে হবে না। চলতি বছর থেকে এসব এজেন্সি কর্তৃপক্ষ অনলাইন পদ্ধতিতে ট্রাভেল এজেন্সির নিবন্ধন ও নবায়ন করতে পারবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.regtravelagency.gov.bd) থেকে এসব এজেন্সির নিবন্ধন ও নবায়ন সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই ওয়েবসাইটের উদ্বোধন করেছেন। অনলাইনে নিবন্ধন ও নবায়নের পদ্ধতি প্রসঙ্গে মন্ত্রণালয় কর্মকর্তারা জানান, ট্রাভেল এজেন্সির নিবন্ধন ও নবায়ন পেতে আবেদনকারীকে প্রথমে আটাবের সদস্য হতে হবে। আবেদন সঠিক হলে গ্রহণের এক সপ্তাহের মধ্যে নিবন্ধন ও নবায়ন সনদ রেজিস্টার্ড ডাকযোগে আবেদনকারীর ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। প্রত্যেক বছরের ১ ডিসেম্বর থেকে নবায়নের আবেদন করা যাবে। তবে এখন থেকে আর জরিমানা দিয়ে বিলম্বে আবেদন করার সুযোগ থাকবে না। বাংলাদেশে বর্তমানে প্রায় ৪ হাজার ট্রাভেল এজেন্সি রয়েছে। বর্তমান আইন অনুযায়ী, ট্রাভেল এজেন্সিগুলোকে প্রত্যেক বছর ডিসেম্বর মাসে নিবন্ধন সনদ নবায়ন করতে হয়। এ বছর থেকে দুই বছরের জন্য সনদ নবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। ফারুক খান বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকার সকল ক্ষেত্রকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনার উদ্যোগ নিয়েছে। মন্ত্রণালয়ের সকল দপ্তরের ওয়েবসাইট আধুনিকায়নের কাজ চলছে। তিনি ট্রাভেল এজেন্সি মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিজ, বাংলাদেশের (আটাব) ওয়েবসাইটও আধুনিক করে মন্ত্রণালয়ের ওয়েবসাইটের সঙ্গে যুক্ত করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত আটাব নেতারা অনলাইনে আবেদনের পদ্ধতিকে স্বাগত জানান। পর্যটন সচিব আতাহারুল ইসলাম, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন আহমেদ এবং আটাব সভাপতি মোহাইমেন সালেহসহ আটাবের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৫৭ ঘ.