২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় দিনে শান্ত সিলেট

বিএনপি নেতা ইলিয়াস আলীর খোঁজে ডাকা হরতালে আগের দুই দিন ব্যাপক সংঘর্ষ হলেও তৃতীয় দিন সিলেট ছিল শান্তিপূর্ণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 11:51 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

সিলেট, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা ইলিয়াস আলীর খোঁজে ডাকা হরতালে আগের দুই দিন ব্যাপক সংঘর্ষ হলেও তৃতীয় দিন সিলেট ছিল শান্তিপূর্ণ। নগরীর প্রতিটি মোড় দখল করে ছিল র‌্যাব-পুলিশ। বিজিবি সদস্যরাও নিয়মিত টহল দিয়েছে। এদিন নগরীতে হরতাল সমর্থকদের দেখা তেমন না মিললেও হরতালবিরোধীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। গত ১৭ এপ্রিল মধ্যরাতে বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী ও তার গাড়ি চালক মো. আনসার। এ ঘটনার পর বিএনপির পক্ষ থেকে ইলিয়াসকে ‘গুম’ করার দাবি এলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, এটি বিরোধী দলের ‘নাটক’। বিএনপির এই নেতাকে ফিরিয়ে দিতে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালনের পর সোম ও মঙ্গলবারও হরতাল পালন করে দলটি। মঙ্গলবার সকাল ১১টার দিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের কোর্ট পয়েন্টে জড়ো হন। সেখান থেকে ‘হরতালবিরোধী’ মিছিল করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। পরে কোর্ট পয়েন্টে সমাবেশে হয়। এতে অন্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন সমাবেশে বক্তব্য দেন। তারা বলেন, এম ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত জোট হরতালের নামে দেশকে অস্থিতিশীল করার ‘অপতৎপরতায়’ লিপ্ত হয়েছে। দুপুর পর্যন্ত সড়কগুলো পিকেটারশূন্য থাকলেও নগরীতে ভারি যানবাহন চলাচল করেনি। ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। তবে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। বিকেল ৪টার দিকে নগরীর শাহী ঈদগাহে হরতালকারীরা একটি সিএনজি অটোরিকশা ও একটি ব্যাটারি চালিত অটোরিকশায় আগুন দেয়। এর কিছু সময় আগে বিএনপি নেতাকর্মীরা শহীদ মিহনারে অবস্থান নেয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, শাহারিয়ার হোসেন চৌধুরী ও মহানগর সভাপতি এম এ হক। তারা অবিলম্বে ইলিয়াস আলীকে ‘ফিরিয়ে’ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। এদিকে হরতালের দ্বিতীয় দিনে ইলিয়াস আলীর গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথে পুলিশের সঙ্গে বিএনপি ও গ্রামবাসীর সংঘর্ষে ২ জন নিহত হওয়ার পর সেখানেও হরতাল শেষ হয়েছে শান্তিপূর্ণভাবে। বিজিবি ৫ ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আযম জানান, হরতালের কারণে বিজিবি সদস্যরা বিশ্বনাথের পাশাপাশি ওসমানীনগরেও টহল জোরদার করে। হরতালে কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী। নিহতের পরিচয় মিলেছে সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত যুবকের পরিচয় মিলেছে। নিহত সেলিম আহমদ (৩০) উপজেলার অলংকারী ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও টেংরা চানপুর গ্রামের রফিক মিয়ার ছেলে। অপর নিহত মনোয়ার হোসেন (২৮) বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি সদর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও উপজেলার রাজনগর গ্রামের আব্বাছ আলীর ছেলে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ জানান, বিকেলে পুলিশ লাশ হস্তান্তর করেছে। রাত সাড়ে ৭টায় ও রাত সাড়ে ৮ টায় নিহতদের গ্রামের বাড়িতে জানাজা শেষে তাদের দাফন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৩৩ ঘ.