চট্টগ্রাম, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের ১৪ দিন চট্টগ্রামের পতেঙ্গার খেজুরতলা থেকে অপহৃত ১১ মাস বয়সী এক শিশুকে লক্ষীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী সাজ্জাদ হোসেনকেও (২২)।
মঙ্গলবার ভোর পাঁচটার দিকে শিশুটিকে লক্ষীপুরের মজু চৌধুরীর হাট এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়।
অপহরণকারী সাজ্জাদ দিনমজুর। সে নগরীর লালখান বাজারের হাই লেভেল রোডের আবুল কালামের ছেলে।
উদ্ধার হওয়া শিশুটির নাম নিশু, সে খেজুরতলী এলাকার দিনমজুর মো. রুবেলের মেয়ে।
পতেঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাজ্জাদ রুবেলের পূর্ব পরিচিত ছিল। রুবেল তার শ্যালিকাকে সাজ্জাদের কাছে বিয়ে দিতে রাজি না হওয়ায় সাজ্জাদ প্রতিশোধ নিতে গত ৯ এপ্রিল নিশুকে অপহরণ করে।
এ ঘটনায় নিশুর বাবা গত ১৫ এপ্রিল পতেঙ্গা থানায় একটি অভিযোগ করেন।
নাসির জানান, শিশুটিকে অপহরণ করে রুবেলের শ্যালিকাকে বিয়ে দিতে চাপ দিচ্ছিল সাজ্জাদ। বিয়েতে রাজি হলে নিশুকে ছেড়ে দিত বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে সাজ্জাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএম/১৭৪৬ ঘ.
bdnews24