২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনির লাশ তোলা হবে কবর থেকে

হত্যার আগে সাংবাদিক দম্পতিকে কিছু খাওয়ানো হয়েছিল কি না, তা জানতে ভিসেরা পরীক্ষার জন্য হত্যাকাণ্ডের ৭২ দিন পর লাশ কবর থেকে তুলতে আদালতের অনুমতি পেয়েছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 05:50 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগর সরওয়ার ও মেহেরুন রুনিকে হত্যার আগে কিছু খাওয়ানো হয়েছিল কি না, তা নিশ্চিত হতে ভিসেরা পরীক্ষা করবে র‌্যাব। সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ড তদন্তে পুলিশের ব্যর্থতার পর তদন্তের দায়িত্ব পাওয়া র‌্যাব মঙ্গলবার আদালতে লাশ তোলার অনুমতি চেয়ে তা পেয়েছে। র‌্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হত্যাকাণ্ডের পর সাগর-রুনির ময়নাতদন্ত করা হয়েছে, কিন্তু ভিসেরা হয়নি। হত্যার আগে তাদের কিছু খাওয়ানো হয়েছিল কি না তা জানতেই লাশ তোলার আবেদন করা হয়।” নিহত সাংবাদিকদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে হত্যাকাণ্ডের ৭২ দিন পর এই আবেদন করা হয় বলে জানান তিনি। গত ১১ ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের পর দুই সাংবাদিককে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। সাগর-রুনি নিহত হওয়ার দুই মাসেও পুলিশ হত্যার কারণ এবং খুনি চিহ্নিত না করতে ব্যর্থতা স্বীকার করলে গত ১৮ এপ্রিল হাই কোর্ট তদন্তের দায়িত্ব র‌্যাবকে দেওয়ার নির্দেশ দেয়। র‌্যাব-ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক উইংয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা জাফর উল্লাহ মঙ্গলবার সকালে ঢাকার হাকিম আদালতে লাশ তোলার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ভিসেরা সংরক্ষণ ও রাসায়নিক পরীক্ষার আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা। এই আদেশের পর ঢাকার অতিরিক্ত জেলা হাকিম মনোজ কুমার রায় নির্বাহী হাকিম শহীদুজ্জামানকে লাশ তোলার বিষয়টি তদারক করার দায়িত্ব দেন। কবে সাগর-রুনির লাশ তোলা হবে তা শহীদুজ্জামানই ঠিক করবেন। গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছারাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেয়। এরপর পুলিশপ্রধান এক সংবাদ সম্মেলনে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন। ওই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলাও করেন রুনির ভাই। তবে ৬৭ দিনেও পুলিশ খুনি চিহ্নিত কিংবা হত্যার কারণ জানতে না পারার পর হাই কোর্ট ক্ষোভ প্রকাশ করে এবং পুলিশের দক্ষতা নিয়েও প্রশ্ন তোলে। এরপর র‌্যাবকে দায়িত্ব দিয়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষের নির্দেশ দেয় হাই কোর্ট। এছাড়া এ মামলার তদন্ত সঠিকভাবে চলছে কি-না, তা পর্যবেক্ষণে একটি কমিটি গঠন করতেও স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হয়। সাগর-রুনি খুন হওয়ার পর আলামত সংরক্ষণে শেরেবাংলা নগর থানার ওসিসহ পুলিশের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে আরো একটি কমিটি গঠন করতে স্বরাষ্ট্র সচিবকে বলা হয়। দুই সহকর্মী হত্যাকাণ্ডের স্বীকার হওয়ায় সাংবাদিক সংগঠনগুলো আন্দোলন চালিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এলএইচ/আরএ/এমআই/১৬২২ ঘ.