২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতবোমা বিস্ফোরণে দুই পুলিশ আহত

টানা হরতালের তৃতীয় দিনে রাজধানীর রাজারবাগে হাতবোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 04:34 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা হরতালের তৃতীয় দিনে রাজধানীর রাজারবাগে হাতবোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের মতিঝিল বিভাগের পুলিশের উপ কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজারবাগ টিঅ্যাণ্ডটি কলোনির সামনে কয়েকজন পুলিশ সদস্য দাঁড়িয়ে ছিলেন। তাদের লক্ষ্য করে ‘কে বা কারা’ একটি হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। “হাতবোমাটি পুলিশের কাছাকাছি পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে দুই পুলিশ কনস্টেবল আহত হন।” আহতদের মধ্যে মো. মঈনুদ্দিনকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য জনের নাম জানা যায়নি। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত রোববার থেকে সারা দেশে এই হরতাল চালিয়ে আসছে বিএনপি। মঙ্গলবারও নয়া পল্টনে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব। সকালে তল্লাশি চালানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের বাসায়। মিরপুর, আজিমপুর, তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় ভোরে বিএনপি কর্মীরা ঝটিকা মিছিল করার চেষ্টা করলেও পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের চেয়ারপার্সন খালেদা জিয়া সন্ধ্যায় তার গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন। এ সংবাদ সম্মেলন থেকেই তিনি পরবর্তী কর্মসূচি তুলে ধরবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচএ/এসআই/আরএ/১০৩০ ঘ.