ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলাম আযমের মুক্তির দাবিতে গাড়ি ভাঙচুর ও জনমনে ‘ত্রাস সৃষ্টির’ মামলায় সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদ হোসেনসহ ১৫ জামায়াত নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
দ্রুত বিচার আইনের এই মামলায় মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক কাজী সহিদুল ইসলাম সোমবার অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ মে দিন রাখেন।
গত ১২ জানুয়ারি বিকেলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় ওইদিন এ ১৫ জনের বিরুদ্ধে এ মামলা হয় সাভার থানায়।
অধ্যক্ষ তৌহিদ হোসেন ছাড়া অপর অভিযুক্তরা হলেন- সাভারের জাবাল-ই নুর মাদ্রাসার অধ্যক্ষ মো. নুরুল আলম, মো. মোস্তফা কামাল, ইউসুফ আলী ওরফে ইউনুস আলী, শাখাওয়াত হোসেন, মো. এখলাস উদ্দিন, নয়ারহাট গণবিদ্যাপীঠের শিক্ষক মো. হাসান মাহবুব মাস্টার, সাভার মডেল কলেজের অধ্যাপক বিল্লাল হোসেন, চাপাইন নিউ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিম, পোল্ট্রি ফিড ব্যবসায়ী কাওসার, শাহাদাত হোসেন, জাকির, সোহরাব উদ্দিন ভুলু, কবির হোসেন সরকার ও নওশের আলী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনোয়ারুল কবীর বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামিদের মধ্যে জাকির, কবির ও নওশের পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথিতে বলা হয়, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের সাবেক আমীর গোলাম আজমের মুক্তির দাবিতে অভিযুক্তরা গত ১২ জানুয়ারি সাভার বাজারের কাছে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এবং গাড়ি ভাঙচুর করে। ২১ জানুয়ারি এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/জেকে/১৮২৪ ঘ.
bdnews24