২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল মঙ্গলবারও

ইলিয়াস আলীর সন্ধান দাবিতে টানা দুদিন হরতালের পর মঙ্গলবারও হরতাল ডেকেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 12:29 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর সন্ধান না পাওয়ায় দুদিন হরতালের পর টানা তৃতীয় দিন হরতাল ডেকেছে বিএনপি। সোমবার হরতালের পর বিকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন, মঙ্গলবারও সকাল-সন্ধ্যা হরতাল হবে। সোমবারের হরতালে সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা বিশ্বনাথে সহিংসতায় দুজন নিহত হওয়া এবং সারাদেশে নেতা-কর্মী গ্রেপ্তারের তথ্য জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন, এভাবে হরতাল করতে সরকার তাদের ‘বাধ্য’ করেছে। “ইলিয়াস আলীকে গুমের পর সিলেটের বিশ্বনাথে হরতাল চলাকালে আজ বিএনপির দুজন কর্মীকে পুলিশ গুলি চালিয়ে হত্যা করেছে। অনেক জায়গায় আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।” ছয় দিন ধরে নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান দাবি করে ফখরুল বলেন, “ইলিয়াস আলী ও তার গাড়িচালককে ফিরিয়ে দেন। নইলে আমাদের আন্দোলন চলবেই।” গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। বিএনপি নেতার বনানীর বাড়ির কাছে মহাখালীর একটি গলিতে তার গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। বিএনপির দাবি, ইলিয়াসকে ‘গুম’ করেছে সরকার। তবে সরকারের পক্ষ থেকে এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলা হচ্ছে, বিএনপি নেতাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। ফখরুল বলেন, “গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন এবং প্রধানমন্ত্রী ও সরকারের লোকজনের কথাবার্তায় আমাদের বিশ্বাস জন্মেছে যে সরকারেই ইলিয়াস আলীকে গুম করেছে। গুমের মূল নায়ক সরকারই। এখন তারা আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশির নামে নানা নাটক করছে।” ইলিয়াসকে উদ্ধারে শনিবার রাতে গাজীপুরের পুবাইলে সন্দেহজনক কয়েকটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব, তবে তাকে পাওয়া যায়নি। সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সারাদেশে রোব ও সোমবার হরতালের আগে বৃহস্পতিবার সিলেট বিভাগে হরতাল করে বিএনপি। ফখরুল বলেন, “আমরা জানি হরতালে মানুষের কষ্ট হচ্ছে। কিন্তু বাধ্য হয়েই আমাদের এই পথে যেতে হচ্ছে। তাই জনসাধারণের প্রতি আহ্বান থাকবে, কষ্ট করে হলেও হরতাল সফল করে সরকারের অন্যায় ও দুঃশাসন রুখে দাঁড়ান।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮২৪ ঘ.