আবুল হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
গাজীপুর, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্যপদ থেকে তানজীম আহমেদ সোহেল তাজের আকস্মিক পদত্যাগে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তার নির্বাচনী এলাকা গাজীপুরের কাপাসিয়া উপজেলার আওয়ামী লীগ নেতারা।
সরকারি দলের নেতারা তানজিমের ওপর আস্থাবান হলেও তার আকস্মিক পদত্যাগের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন।
অন্যদিকে তার রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির নেতা আ স ম হান্নান শাহ বলেছেন, তানজিম সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আত্মসম্মানকেই গুরুত্ব দিয়েছেন।
গাজীপুর-৪ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য তানজিম সোমবার স্পিকারের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। প্রায় তিন বছর আগে প্রতিমন্ত্রিত্বও ছেড়েছিলেন তিনি। তবে তার সেই পদত্যাগপত্র এখনো গ্রহণ হয়নি।
তানজিমের সংসদ সদস্যপদ ছাড়ার প্রতিক্রিয়ায় কাপাসিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আজগর রশীদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি খুব ইমোশনাল। পদত্যাগের আগে তিনি দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে পর্যন্ত কোনো কথা বলেননি। শুধু মাননীয় স্পিকারের কাছে দু’লাইনের একখানি ‘পদত্যাগ পত্র’ পাঠিয়ে দিয়েছেন। এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালেও একইভাবে তিনি হঠাৎ করেই পদত্যাগ করেছিলেন।”
“তবে ইমোশনাল হলেও তিনি একজন সৎ ও নিষ্ঠাবান মানসিকতার মানুষ,” বলেন তিনি।
কী কারণে সংসদ সদস্যের এই পদত্যাগ- জানতে চাইলে আজগর বলেন, “কেন তিনি বিরক্তবোধ করেছেন, তা তার জানা নেই। দুপুরে তার কাছে টেলিফোন করলেও তা রিসিভ হয়নি। তবে মেসেজ পাঠানো হয়েছে।”
তানজিম বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকেই পদত্যাগপত্র পাঠান তিনি।
কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, “তার পদত্যাগের খবরে এলাকাবাসী হতবাক হয়েছে। তিনি পদত্যাগ করে ভোটার তথা এলাকাবাসীকে অবমূল্যায়ন করেছেন।”
“সোহেল তাজের পদত্যাগের কারণে তাদের পরিবারের প্রতি নেতৃত্বের জন্য এলাকাবাসীর নির্ভরশীলতা কমে যাবে,” বলেন তিনি।
দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেলের মা সৈয়দা জোহরা তাজউদ্দীন এখনো আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তানজিমের চাচা আফসারউদ্দীন এক সময় ওই আসনের সংসদ সদস্য ছিলেন।
তানজিমের পদত্যাগের প্রতিক্রিয়ায় কাপাসিয়ার বাসিন্দা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মোমতাজ উদ্দিন মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পদত্যাগ করে কোনো সমস্যার সমাধান হয় না। এতে আরো সমস্যা বাড়ে। তিনি যদি জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করতেন, তাহলে এলাকার জনগণের জন্য মঙ্গল হতো।”
২০০৯ সালের নির্বাচনে তানজিমের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেন, শেখ মুজিবুর রহমান তার বাবাকে (তাজউদ্দীন আহমদ) মন্ত্রিত্ব থেকে বাদ দিয়ে ছিলেন। তার চাচা আফসার উদ্দিন আহমদকেও তিন মাসের মাথায় অযোগ্য বলে মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া হয়েছিল।
“ইতোপূর্বে সোহেল তাজ লাঞ্ছিত হয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। সোমবার তিনি সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করলেন। মন্ত্রিত্ব এবং সাংসদ পদের চেয়ে আত্মসম্মান বড়, এই উপলব্ধি থেকে পদত্যাগ করার জন্য আমি তাকে সাধুবাদ জানাই,” বলেন বিএনপি নেতা।
তানজিমের ব্যক্তিগত সহকারী আবু কাওসার জানান, পদত্যাগপত্রটি যুক্তরাষ্ট্র থেকে মায়ের বাসায় পাঠান সংসদ সদস্য। সোমবার তা স্পিকারের দপ্তরের সহকারী মো. শামীমের কাছে জমা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২৫ ঘ.
bdnews24