ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ রেলওয়েতে বছরের পর বছর দুর্নীতি ও অনিয়ম চলছে বলে মন্তব্য করেছেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের।
রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পাওয়ার পর সোমবার রেল ভবনে মন্ত্রনালয় ও রেলবিভাগের উদ্ধতন কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “একটি দুষ্টচক্র বছরের পর বছর ধরে নানা অপকর্ম, দুর্নীতি ও অনিয়ম করে রেলকে গলা পর্যন্ত গিলে ফেলেছে। এ দুষ্টচক্রকে ভাঙ্গতে না পারলে রেলবিভাগ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে।”
গত বছরের ডিসেম্বরে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সুরঞ্জিত সেনগুপ্তও রেলওয়েতে দুর্নীতির ‘কালো বিড়াল’ আছে বলে মন্তব্য করেছিলেন।
সহকারীর অর্থ কেলেঙ্কারির দায় নিজের কাঁধে নিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত রেলমন্ত্রীর দায়িত্ব থেকে সরে যাওয়ার পর বুধবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে রেল মন্ত্রণালয়েরও দায়িত্ব দেয় সরকার।
ওবায়দুল কাদের বলেন, “রেলের ৭ হাজার ২০০ নিয়োগের মধ্যে মাত্র ১ হাজার ৩০০ নিয়োগ হয়েছে এবং এ নিয়ে সংকট সৃষ্টি হয়েছে। এসব নিয়োগের মধ্যে অনিয়মের গন্ধ পেয়েছি এবং অভিযোগও পেয়েছি।”
এসব নিয়োগে অনিয়মে তদন্ত কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী দেশে ফেরার পরই এ বিষয়ে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।”
রেল বিভাগে ৫ হাজার নতুন নিয়োগের জন্য সচিব ও মহাপরিচালককে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
ইতিমধ্যে রেলের ১৪৬ স্টেশন বন্ধ হয়ে গেছে উল্লেখ করে কাদের বলেন, “অনেক স্টেশন আছে মাস্টার নেই, গার্ড নেই বা রেল লাইন দখল হয়ে যাচ্ছে। এগুলোর পরিবর্তন আনতে হবে।”
রেলের হাজার হাজার একর জমি বেদখলে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “রেলের কি পরিমান জমি বেদখলে রয়েছে সে বিষয়ে একটি প্রতিবেদন দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে।”
টিকেট নিয়ে কালোবাজারি বন্ধ না হলেও উন্নতি হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, “সুরঞ্জিত সেনগুপ্ত শুরু করেছিলেন এবং অনেক পরিবর্তন এনেছিলেন, যা ইতিবাচক উন্নতি। এজন্য তাকে ধন্যবাদ জানাই।
ওবায়দুল কাদের বলেন, “আমি আগে বলেছি, এখনও বলছি আমার যে দায়িত্ব তা অতিরিক্ত। এর সময়সীমা নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর। এমনও হতে পারে এক সপ্তাহ পরে আমি নেই। তবে যতক্ষন থাকব ততক্ষন আমার দায়িত্ব রেলের সমস্যাগুলো দেখা, রেলের মান উন্নয়ন করা।”
“আমি রেলের একটি শুভ শুচনা করে যাব, তবে রাতারাতি ছবির মত পরিবর্তন করতে পারব না, চেষ্টা করে যাব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৬৩৯ ঘ.
bdnews24